আদালতের নির্দেশে শ্যুটিংয়ে নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলা এবং শ্যুটিং ফেডারেশন যেন হাতধরাধরি করে আসছিল এত দিন। অবশেষে একটি মামলার চূড়ান্ত রায় হলো। তাতে সুপ্রিম কোর্ট বলেছেন, দুই মাসের মধ্যে ফেডারেশনের নির্বাচন করতে হবে।শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ জানিয়েছেন এ তথ্য। তাঁর ভাষ্য, বর্তমান কমিটির বৈধতা নিয়ে হাইকোর্টে করা এক মামলার রায়ে আদালত বলেছিলেন, বর্তমান কমিটি ভেঙে দিয়ে এডহক কমিটি করতে। ওই রায়ের বিরুদ্ধে বর্তমান কমিটি আপিল করে সুপ্রিম কোর্টে। সেটিরই রায় দেওয়া হলো গত পরশু।শ্যুটিংয়ের সাধারণ সম্পাদক জানিয়েছেন, ‘মাননীয় সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশকে মডিফাই করেছেন। নির্বাচন হওয়া পর্যন্ত বর্তমান কমিটিই বহাল থাকবে। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলমকে প্রধান করে তিন সদস্যের একটি নির্বাচন কমিশনও গঠন করেছেন আদালত। বাকি দুই সদস্য হলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শফিক আনোয়ার এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের প্রধান আবদুর রহমান। এই কমিটির প্রধানকে নির্বাচন পরিচালনা বাবদ তিন লাখ টাকা সম্মানী দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।’ দেশের অন্যতম সম্ভাবনাময় খেলা শ্যুটিং। কিন্তু নানা কারণে এই ফেডারেশনের পথচলা কণ্টকাকীর্ণ। যেকোনো খেলারই নিয়ন্ত্রক সংস্থার নিয়মিত কার্যক্রম যদি আর আইন-আদালত পর্যন্ত গড়ায় এর একটা প্রভাব খেলার ওপর না পড়ে পারে না। তবে ফেডারেশন সম্পাদক বলছেন, ফেডারেশন চলবে স্বাভাবিক গতিতে। যদিও অলিম্পিকের পর এখনো কোনো কর্মসূচি হাতে নেয়নি শ্যুটিং ফেডারেশন। নির্বাচনী হাওয়াই ভেসে বেড়াচ্ছে চারদিকে।