আদেবায়োর আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ ফুটবলের আকাশে বড় তারকা হয়েই জ্বলে উঠেছিলেন ইমানুয়েল আদেবায়োর। তবে সেটা আর্সেনালে থাকার সময়। ম্যানচেস্টার সিটিতে নাম লিখিয়ে সেই আকাশ থেকে কেমন যেন হারিয়েই গেলেন টোগোর স্ট্রাইকার। কিন্তু রাতের সব তারাই তো থাকে দিনের আলোর গভীরে! সেই অদৃশ্য জগৎ থেকে আদেবায়োর বেরিয়ে এলেন পরশু। দারুণ এক হ্যাটট্রিক করে পোল্যান্ডের লেজ পোজানের বিপক্ষে ইউরোপা লিগে ম্যান সিটিকে এনে দিলেন ৩-১ গোলের জয়।নিজেকে আলোয় ফিরিয়ে আনার সংগ্রাম চলছে আদেবায়োরের। দল হিসেবে লিভারপুলেরও ঘুরে দাঁড়ানোর লড়াই চলছে। গত কয়েকটা মৌসুমের এবার তো আরও বড়ই সেই লড়াই। এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে নেই তারা, ইংলিশ প্রিমিয়ার লিগে ঘুরপাক খাচ্ছে অবনমন এলাকায়। পরশু ইউরোপা লিগে ইতালির ক্লাব নাপোলির সঙ্গে গোলশূন্য ড্র করার পর অনেকেই ‘গেল গেল’ রব তুলেছেন। কিন্তু কোচ রয় হজসন বলছেন, লিভারপুলের আশা এখনো আছে! নাপোলির সঙ্গে ড্র করে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিভারপুল গ্রুপের শীর্ষেই আছে।এক মৌসুম আগেও ‘পুঁচকে’ তকমা ছিল ম্যান সিটির। এই তকমাটা ঝেড়ে ফেলে ‘বড়’দের কাতারে নাম লেখাতে চায় আরব ধনকুবের শেখ আল মনসুরের দলটি। সেই পথে ভালোই এগিয়ে যাচ্ছে ম্যান সিটি। প্রিমিয়ার লিগে এখন দ্বিতীয় স্থানে তারা। ইউরোপা লিগেও তরতর করে এগিয়ে চলছে ম্যান সিটির তরী।কার্লোস তেভেজ, জেমস মিলনাররা কেউ নন, পরশু সিটির পাল উড়িয়েছেন আদেবায়োর। ১৩ মিনিটে দলকে এগিয়ে দেওয়া গোলটি আদেবায়োরের এ মৌসুমের প্রথম। এই গোলে আত্মবিশ্বাস বেড়ে যাওয়া আদেবায়োর ২৫ মিনিটে দুর্দান্ত এক হেডে করেছেন দ্বিতীয় গোল। ৭৩ মিনিটে পূর্ণ করেছেন হ্যাটট্রিক, যেটি ইউরোপিয়ান প্রতিযোগিতায় ম্যান সিটির প্রথম। মাঝে ৫০ মিনিটে একটি গোল ফেরত দিয়েছে পোজান। এএফপি।