আদেবায়োরকে ফেরালেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ মুহূর্তে এসে মত পাল্টালেন ইমানুয়েল আদেবায়োর। অবসর ভেঙে আফ্রিকান নেশনস কাপে খেলতে যাচ্ছেন টটেনহামের টোগোলিজ স্ট্রাইকার। অবশ্য ২৮ বছর বয়সী স্ট্রাইকারের মত পাল্টাতে হস্তক্ষেপ করতে হয়েছে টোগোর রাষ্ট্রপতি ফরে নাসিংবেকে। দুই দিন ধরে বৈঠক করে বুঝিয়ে-সুঝিয়ে আদেবায়োরকে দলে ফিরতে রাজি করিয়েছেন রাষ্ট্রপতি।১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে আফ্রিকান নেশনস কাপের ২৯তম আসর। টুর্নামেন্টের জন্য টোগো অনুশীলন করছে ঘানার রাজধানী আক্রায়। আদেবায়োরের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকটি হয়েছে সেখানেই। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগেই যোগ দেবেন দলের সঙ্গে। তার আগে টটেনহামে ফিরে এসে আগামী শনিবার কিউপিআরের বিপক্ষে লিগ ম্যাচটি খেলবেন। আন্তর্জাতিক ক্যারিয়ারটা গড়তে পারতেন নাইজেরিয়ার হয়েও। কিন্তু শেষ পর্যন্ত জন্মভূমি টোগোকেই বেছে নেন আদেবায়োর। কিন্তু বারবারই থমকে দাঁড়িয়েছে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। নানা ঘটনায় জাতীয় দল থেকে ‘স্বেচ্ছা-অবসর’ নিয়েছেন তিনবার। সর্বশেষ অবসর নেন গত মাসেই। বকেয়া বোনাস নিয়ে ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের জেরে গত মাসে ওমান ও নাইজারের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে তো খেলেনইনি, জানিয়ে দেন নেশনস কাপও খেলবেন না। এর আগে একবার অবসর নিয়েছিলেন ২০১০ সালের সেই সন্ত্রাসী হামলা থেকে বেঁচে যাওয়ার পর। ২০১০ নেশনস কাপে খেলতে যাওয়ার পথে অ্যাঙ্গোলায় টোগোর টিমবাস সন্ত্রাসী হামলার কবলে পড়ে। ওই হামলায় মারা যায় দুজন। অন্যদের সঙ্গে প্রাণে বেঁচে গেলেও মৃত্যুভয় তাড়িয়ে ফিরছিল আদেবায়োরকে। পরে তো নিয়ে নেন অবসরই। ২০১১ সালেই আবার ফেরেন জাতীয় দলে। এএফপি।