আদেবায়োরের তোপে কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিক্ততা তাঁদের মধ্যে আগে থেকেই ছিল। আফ্রিকান নেশনস কাপের জন্য কোচ দিদিয়ের সিক্সের মূল দলেই ছিলেন না ইমানুয়েল আদেবায়োর। পরে টোগোর প্রেসিডেন্ট জিনাসিংবে ইয়াদেমার হস্তক্ষেপে আদেবায়োর খেলতে যান। কিন্তু কোচের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনটা যে ছিলই, সেটি প্রকাশ হয়ে গেল টুর্নামেন্ট থেকে টোগোর বিদায়ের পর। বুরকিনা ফাসোর কাছে কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ার পর আদেবায়োর বলেছেন, কোচ তাঁদের কোনো সাহায্যই করেননি।অনভিজ্ঞ ফরাসি কোচের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন আদেবায়োর। অভিযোগের আঙুল তুলেছেন দেশের ফুটবল ফেডারেশনের কর্তাদের দিকেও, যাঁদের সঙ্গে তাঁর সম্পর্কটা বরাবরই খারাপ। ‘কোচ কোনো সাহায্য করেননি। আমি মাঠে খেলেছি। কাজেই আমার পক্ষে দুটো কাজই (কোচিং ও খেলা) করা সম্ভব নয়। আমি আমার সেরা চেষ্টাটাই করেছি। কিন্তু সত্যটা হলো, তিনি আমাদের কোনো সাহায্যই করেননি’—ফরাসি রেডিও আরএফআইকে বলেছেন আদেবায়োর।তাঁর এই মনোভাবই যেন প্রতিধ্বনিত হলো টোগোর গোলরক্ষক কোসি আগাসার কণ্ঠেও। কোচের কাজ নিয়ে প্রশ্ন তাঁরও, ‘খেলোয়াড় পরিবর্তনের দায়িত্বটা তো মাঠের খেলোয়াড়দের নয়।’কোচ দিদিয়ের সিক্স অবশ্য বেছে নিতে চাইছেন ‘কোনো মন্তব্য করার আগে মাথা ঠান্ডা রাখার’ নীতি। সাতবারের প্রচেষ্টায় এই প্রথম নেশনস কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল টোগো। পাল্টা কোনো মন্তব্যে না গিয়ে তিনি শুধু স্মরণ করিয়ে দিয়েছেন সেটাই, ‘আমি দলকে এমন জায়গায় নিয়ে গিয়েছি, যেখানে তারা আগে কখনোই উঠতে পারেনি।’নানা বিষয় নিয়ে দেশের ফুটবল ফেডারেশনের কর্তাদের সঙ্গে আদেবায়োরের সম্পর্ক কখনোই ভালো নয়। যে কারণে তিন-তিনবার নিয়েছেন স্বেচ্ছা অবসর। এভাবে বারবার অবসর নেওয়া এবং ফিরে আসা নিয়ে আদেবায়োরের কথা, ‘যদি টোগোর দলটির ব্যবস্থাপনাটা সম্ভাব্য সেরা উপায়ে করা হয়, আমি সব সময়ই দলে থাকব। এটা সত্য যে, আমি প্রতিবারই শুনি “সে আসবে, সে আসবে না”—এর কারণ অনেক সমস্যা আছে। যদি সমস্যাগুলো সমাধান করা হয়, আমি সেখানে থাকব। আপনারা দেখে থাকবেন আমি আমার সেরাটাই দিয়েছি। আমি ড্রেসিংরুমে বলেছিলাম, আমি নেতা, আমি অধিনায়ক। আমি এই হারে হতাশ, বিরক্ত।’তাঁর দাবি, ‘আমরা এখানে নেশনস কাপ জয়ের ধারণা নিয়ে এসেছিলাম, ফাইনালে যেতে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা বুরকিনার কাছে হেরে ছিটকে পড়েছি। হতাশাটা তাই খুব বেশি। আমরা দ্রুতই দেশে ফিরব এবং দেখব সবাই কী বলে।’ নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ বলেও মনে করছেন না আদেবায়োর। এএফপি।