আদ্রিয়ানোর গোলে বার্সার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদ্রিয়ানোকে অভিনন্দন সতীর্থদের ছবি: রয়টার্স
আদ্রিয়ানোকে অভিনন্দন সতীর্থদের ছবি: রয়টার্স

লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচেও জিতেছে বার্সেলোনা। গত রাতে মালাগার বিপক্ষে দুর্দান্ত খেলেও জয়টা এসেছে মাত্র ১ গোলের। প্রথমার্ধের শেষপ্রান্তে আদ্রিয়ানোর দারুণ গোলটি না এলে হয়তো মালাগার বিপক্ষে ম্যাচটি হয়ে থাকত কাতালানদের দুর্ভাগ্যগাথাই।
স্কোরলাইন যে সব সময় সত্যিকারের চিত্রটা তুলে ধরতে পারে না, গতকালের ম্যাচটি এর আরেকটা উদাহরণ হয়ে থাকতে পারে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ধরে রাখল বার্সেলোনা, বেশ কয়েকটি ভালো সুযোগ এল; ক্রসবারে লেগে প্রতিহত হয় জাভির একটি ফ্রি-কিক। গোল হওয়ার মতো সবকিছুই হলো, কিন্তু দিনের শেষে মাত্র ১ গোলের জয়। বার্সা নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে।
মেসি যে মালাগার বিপক্ষে থাকছেন না, সেটা আগেই ঘোষণা করা ছিল। কাল অনেকেরই প্রত্যাশা ছিল নেইমারকে নিয়ে। মেসির অনুপস্থিতিতে ব্রাজিলীয় এই সেনসেশন বার্সার প্রথম একাদশে থাকবেন—এমন প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। কিন্তু কোচ মার্টিনো কাল নেইমারকে বসিয়ে রাখলেন অনেকটা সময়। শেষ অবধি ম্যাচের ৬৩ মিনিটে পেদ্রোর পরিবর্তে মাঠে পা রাখেন এই ফরোয়ার্ড।
খেলার একেবারে শুরুতেই গোল করে এগিয়ে যেতে পারত বার্সেলোনা। জাভির কর্নার মালাগার বক্সে আতঙ্ক ছড়ালেও তা আতঙ্কিত করতে পারেনি গোলরক্ষক উইলফ্রেডো কাবালেরোকে। জাভির কর্নার থেকে অ্যালেক্স সং হেড নিলেও তা গোলপোস্ট অবধি পৌঁছেনি। সংয়ের হেড থেকে মাটিতে পড়া বল লুফে নেন কাবালেরো। ১৪ ও ১৯ মিনিটে ভালো সুযোগ পেয়েছিলেন যথাক্রমে সানচেজ ও পেদ্রো। দুটি প্রচেষ্টাই ব্যর্থ হয়। গোলের দেখা মেলে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে (৪৪ মিনিট) গিয়ে। আলেক্সি সানচেজের ব্যাক পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বাম পায়ের বাঁকানো শটে জালে জড়িয়ে দেন আদ্রিয়ানো।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ছিল বার্সা। মালাগাও একেবারে ছেড়ে কথা বলেনি বার্সেলোনাকে। ৫৯ মিনিটে জাভির ফ্রি-কিক লাগে ক্রসবারে। ৬৭ মিনিটে মালাগাকে সমতায় ফিরতে দেয়নি ওই ক্রসবারই। এলিসিওয়ের দারুণ একটা শট প্রতিহত হয় বারে লেগে। ৯০ মিনিটে আরেকটা ভালো সুযোগ পেয়েছিল স্বাগতিকেরা। সাফল্যের মুখ দেখেনি ওটাও। ম্যাচের শেষ সুযোগটা পান নেইমার। মালাগার গোলমুখে জোরালো শটই নিয়েছিলেন  ব্রাজিলীয় ফরোয়ার্ড, তবে তা চলে যায় ক্রসবারে বাতাস লাগিয়ে । সূত্র: রয়টার্স।