আধুনিক টেনিস তরুণদের জন্য কঠিন: ফেদেরার
টেনিসের সব রেকর্ডই হাতের মুঠোয় নিয়ে নিয়েছেন। ১৬ বার জিতেছেন গ্র্যান্ড স্লাম শিরোপা। তারকা দ্যুতিতে ছাড়িয়ে গেছেন অন্য আর সবাইকে। কিন্তু সম্প্রতি রজার ফেদেরার খানিকটা চিন্তিত তাঁর উত্তরাধিকার নিয়ে। সময়ের ফেরে একটা সময়ের পর আর সবার মতো তাঁকেও টেনিসকে বিদায় জানাতে হবে। চলে যাবেন সাবেকদের দলে। কিন্তু তাঁর পরে টেনিসের দুনিয়া আলো করে কে কে আসবেন তা নিয়ে নিরন্তর ভাবনাটা রয়েই যাচ্ছে এই সুইস সুপারস্টারের।তিনি স্প্যানিশ তারকা রাফায়েল নাদালকে নিয়ে ভাবেন না। ভাবেন না অ্যান্ডি রডিককে নিয়েও। কিন্তু যে ব্যাপারটি ফেদেরারকে যথেষ্ট ভাবায়, তা হলো বর্তমান টেনিসের সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে প্রতিশ্রুতিশীল কোনো তরুণকে না পাওয়া। গতকাল শুক্রবার এটিপি টেনিসে খেলতে লন্ডন গিয়ে সাংবাদিকদের এ ব্যাপারে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন অকপটেই।খেলাটা খেলেই নিজের দায়িত্ব সারতে চান না তিনি। তিনি ভাবেন খেলাটা নিয়ে। অতীতের সঙ্গে বর্তমানকে মিলিয়ে তিনি মনে করেন, আসলেই দুর্দিন ঘনিয়ে আসছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এ খেলাটিতে।বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের প্রথম ১০০ জনের মধ্যে বর্তমানে কোনো ‘টিনএজ’ তারকা নেই। ব্যাপারটি বেশ অদ্ভুতই মনে করেন রজার ফেদেরার। তিনি বিষয়টিকে আন্তর্জাতিক টেনিসের জন্য একটি বড় ধরনের অশনি সংকেত বলেই মনে করেন। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরুতে আমি হিউইট, সাফিন ও রডিকের মতো খেলোয়াড়দের শীর্ষ ১০০-তে দেখেছি। তখন ওদের কারোর বয়স ১৯ পার হয়নি। বরিস বেকার ১৭ বছর বয়সে উইম্বলডন জিতেছিলেন, মাইকেল চ্যাং ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন ১৭-এরও আগে। কিন্তু এখন দেখছি শীর্ষ ১০০-তে কোনো “টিনএজ” খেলোয়াড় নেই।’এর কারণ হিসেবে বেশ কয়েকটি ব্যাপারকে সামনে নিয়ে এসেছেন টেনিসের এ এক নম্বর তারকা। তিনি মনে করেন, টেনিস এখন আগের চেয়ে অনেক বেশি শারীরিক শক্তিনির্ভর খেলা হয়ে গেছে। এ খেলা খেলতে অসুরীয় শক্তি প্রয়োজন। যেটা ১৭-১৮ বছর বয়সী কোনো ছেলের পক্ষে নিতান্তই দৈব সহায় ছাড়া পাওয়া সম্ভব নয়। টেনিসে এখন প্রতিটি খেলোয়াড়ই শারীরিক ও মানসিকভাবে তৈরি হয়ে আসে। তিনি আরও বলেন, ‘বর্তমান টেনিসে বছরে ৪০ সপ্তাহের যে সূচি থাকে, তাতে মানিয়ে নেওয়া যেকোনো তরুণ ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড়ের পক্ষেই কঠিন।’তবে, টেনিস শরীরকেন্দ্রিক হয়ে যাওয়াটাকেই একমাত্র কারণ হিসেবে মানতে নারাজ ফেদেরার। উদাহরণ হিসেবে টেনেছেন রাফায়েল নাদালের কথা। তিনি মনে করেন, নাদাল তো বয়স ২০ পেরোনোর আগেই ২০০৫ সালে ১১টি শিরোপা জিতেছিল। আসল ব্যাপার হলো টেনিসে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরির পথটিই হয়তো বন্ধুর হয়ে আসছে। নতুন ভালো খেলোয়াড় তৈরি না হওয়াও শীর্ষ ১০০-তে তরুণদের আধিপত্য না থাকার প্রধান কারণ হিসেবে মনে করেন ফেদেরার।তবে নতুন প্রতিভা উঠে আসুক আর না-ই আসুক, টেনিস এখন আগের চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে মানেন ফেদেরার। তিনি বলেন, টেনিস এখন আগের চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। একটা সময় ছিল র্যাঙ্কিংয়ের ৬০-৭০ নম্বরের সঙ্গে খেলাটা অনেক বেশি সহজ ছিল। কিন্তু এখন নির্দিষ্ট দিনে টেনিসে যেকোনো ফলাফলই সম্ভব বলে মনে করেন ফেদেরার।টেনিস প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক আর শক্তিনির্ভরই হোক—ফেদেরার, নাদাল আর রডিকের পর কোর্ট মাতাবেন কারা, এ প্রশ্নটি কিন্তু অবচেতন মনে চলে আসেই। রয়টার্স।