আধ্যাত্মিক গুরুর কাছে জোকোভিচ

সময়টা ভালো যাচ্ছে না নোভাক জোকোভিচের। দুঃসময়ের আবর্তে হাবুডুবু খাচ্ছেন পুরুষ টেনিসের এক নম্বর খেলোয়াড়। হঠাৎ করেই ফর্ম হারানো সার্বিয়ান তারকাকে এখন ভাবতে হচ্ছে র্যাঙ্কিং নিয়েও। অ্যান্ডি মারে যে হুমকি দিচ্ছেন তাঁর কাছ থেকে এক নম্বর স্থানটা কেড়ে নেওয়ার। জোকোভিচ অবশ্য বসে নেই। অনুশীলন তো আছেই, ফর্মে ফিরতে মরিয়া জোকোভিচ এবার শরণ নিলেন আধ্যাত্মিক গুরুরও।
এই আধ্যাত্মিক গুরুর নাম পেপে ইমাজ। ভদ্রলোক নিজেও একসময় টেনিস খেলতেন। ভালোবাসা ও শান্তি এই দর্শন প্রচার করা ইমাজকে সঙ্গী করেই প্যারিস মাস্টার্সে খেলতে এসেছেন জোকোভিচ। জানিয়ে রাখা ভালো, সার্বিয়ান তারকা কিন্তু ফ্রান্সের রাজধানীতে এসেছেন মূল দুই কোচ বরিস বেকার ও মারিয়ান ভাইদাকে ছাড়াই। গার্ডিয়ান।
জোকোভিচ ইমাজের দেখা পেয়েছেন টেনিস খেলোয়াড় ভাই মার্কোর মাধ্যমে। বিষণ্নতার কারণে ইমাজের শরণ নিয়েছিলেন মার্কো। জোকোভিচ স্বীকার করেছেন ‘কিছু ব্যক্তিগত ব্যাপার’ তাঁর খেলায় প্রভাব ফেলেছে, তাই আধ্যাত্মিক গুরুর সাহায্য চাওয়া।