আনচেলত্তি-মার্টিনো বাহাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ লিগে হোসে মরিনহো ও পেপ গার্দিওলার কথার লড়াইটা ইংলিশ প্রিমিয়ার লিগে মরিনহো-ফার্গুসন দ্বৈরথের মাত্রায় কখনো ওঠেনি। তবে তাঁদেরও দ্বৈরথ একটা ছিল। মরিনহো নেই, গার্দিওলা নেই, টিটো ভিলানোভাও দৃশ্যপটে অনুপস্থিত। তাতে কী? কার্লো আনচেলত্তি ও জেরার্ডো মার্টিনো মনে হচ্ছে শুরু করলেন ‘নতুন যুগ’।
শুরুটা করেছিলেন মার্টিনোই। গ্যারেথ বেলের জন্য রিয়াল মাদ্রিদের রেকর্ডভাঙা প্রস্তাবকে খোঁচা মেরেছিলেন বার্সেলোনার নতুন কোচ। তাঁর দৃষ্টিতে এটা ফুটবলেরই ‘সম্মানহানি’।
আনচেলত্তিও চুপ করে থাকেননি। কাল সংবাদ সম্মেলনে পাল্টা খোঁচা মেরেছেন বার্সা কোচকে, ‘কথাগুলো আমার কাছে খুবই অদ্ভুত মনে হয়েছে। মার্টিনো আসলে খুব বেশি দিন হয়নি এখানে এসেছেন। আমার কাছে মনে হয়েছে, তিনি এখনো ইউরোপিয়ান ফুটবলের সবকিছু বুঝে উঠতে পারেননি। এমনকি তাঁর ক্লাবও কিন্তু ভালো অঙ্কের টাকা দিয়েই গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের কিনে এনেছে।’
প্রশ্ন উঠেছিল বেল কবে আসছেন? এ প্রশ্নে কিন্তু মুখে কুলুপ এঁটে রাখলেন আনচেলত্তি, ‘আমি এটা নিয়ে দুটি কারণে কথা বলতে চাই না। প্রথমত, গ্যারেথ বেল এ মুহূর্তে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় না। দ্বিতীয়ত, আমি এ মুহূর্তে কালকের ম্যাচের জন্য (আজ গ্রানাডার বিপক্ষে) প্রস্তুতিতে ব্যস্ত আমার খেলোয়াড়দের সম্মান জানাতে চাই।’ স্প্যানিশ প্রচারমাধ্যম অবশ্য কদিন থেকেই জানাচ্ছে, বেলকে বরণ করতে প্রস্তুত মাদ্রিদ। এএফপি।