আনচেলত্তিকে ছাড়বে না পিএসজি
মরিনহোর বিকল্প আগেই ভেবে রেখেছিল রিয়াল। কিন্তু ১৯ বছর পর লিগ শিরোপা এনে দেওয়া কার্লো আনচেলত্তিকে পিএসজি কেন ছাড়তে চাইবে? ফরাসি ক্লাবটির কাতারি সভাপতি নাসের আল-খেলাইফি চূড়ান্ত সিদ্ধান্তই জানিয়ে দিলেন, ‘তিনি (আনচেলত্তি) রিয়াল মাদ্রিদে যাওয়ার অনুমতি চেয়েছেন। কিন্তু সেটা সম্ভব নয়। কারণ, তাঁর আরও এক বছরের চুক্তি আছে। এটাই আমাদের সিদ্ধান্ত।’
আনচেলত্তির প্রতি বিরক্তিটাও গোপন রাখেননি আল-খেলাইফি, ‘এটা তাঁর সমস্যা, আমাদের নয়। আমরা বরং তাঁর সঙ্গে আরও এক বছরের বাড়তি চুক্তির প্রস্তাব করেছি। আপনি যখন কারও সঙ্গে চুক্তিবদ্ধ, সেটাকে সম্মান জানানো আপনার দায়িত্ব।’
বিষয়টির যে সহজ সমাধান হচ্ছে না, সেটা ভালোই বুঝতে পারছেন জুভেন্টাস, এসি মিলান ও চেলসির মতো দলের দায়িত্ব পালন করা আনচেলত্তি, ‘বেশ কিছু সম্ভাবনা আছে, রিয়াল মাদ্রিদ এরই একটা। তবে আমার এখানে চুক্তি আছে। ক্লাব কী বলে, সেটা জানার জন্য অপেক্ষা করতে হচ্ছে। সিদ্ধান্ত নিতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’
তিনটি ভিন্ন দেশের শীর্ষ লিগ জেতা ছাড়াও ২০০৩ ও ২০০৭ সালে মিলানকে চ্যাম্পিয়নস লিগও জিতিয়েছিলেন আনচেলত্তি। এ কারণেই তাঁকে পেতে এমন মরিয়া রিয়াল। ওয়েবসাইট।