আনচেলত্তিকে পেতে আগ্রহী রিয়াল মাদ্রিদ
১৮ বছর পর প্যারিস সেন্ট-জার্মেইঁকে ফরাসি লিগের শিরোপা জিতিয়েছেন কার্লো আনচেলত্তি। ফরাসি লিগের এবারের মৌসুমে সেরা কোচও নির্বাচিত হয়েছেন এই ইতালীয়। কিন্তু দুর্দান্ত এই সফলতার পরপরই ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। এবার তাঁর নতুন ঠিকানা হতে পারে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ইউরোপের শীর্ষ ধনী ক্লাবটি তাঁকে পাওয়ার আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন আনচেলত্তি। ২০১১ সালে চেলসি থেকে প্যারিস সেন্ট-জার্মেইঁয়ে এসেছিলেন কার্লো আনচেলত্তি। প্রথম বছরটা সফলতার মুখ দেখতে না পেলেও এবারের মৌসুমে দলকে এনে দিয়েছেন কাঙ্ক্ষিত সাফল্য। ১৮ বছর পর তাঁর তত্ত্বাবধানেই ফরাসি লিগের শিরোপা জয়ের স্বাদ পেয়েছে প্যারিস। তবে এখন কী কারণে ক্লাব ছাড়তে চাইছেন, সে ব্যাপারে কোনো কথা বলছেন না আনচেলত্তি। গতকাল এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে আমি ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছি। এখন নিজের ভবিষ্যত্ ঠিক করার জন্য আমাকে তাঁদের জবাবের অপেক্ষা করতে হবে। তবে আমার জন্য ব্যাপারটা সহজ নয়। কারণ, এখানে সবার সঙ্গেই আমার খুব ভালো একটা সম্পর্ক আছে। বিশেষত, খেলোয়াড়দের সঙ্গে। আমি কেন ক্লাব ছাড়তে চাই, সেটা ব্যাখ্যা করার সঠিক সময় এটা নয়। আর, হয়তো আমি কখনোই এটা ব্যাখ্যা করব না।’ আনচেলত্তিকে কোচ হিসেবে পাওয়ার জন্য ইউরোপের অনেক শীর্ষ ক্লাবই নাকি আগ্রহ দেখিয়েছে। অন্য কারও কথা না বললেও রিয়াল মাদ্রিদের কথা আলাদাভাবে উল্লেখ করেছেন ৫৩ বছর বয়সী এই কোচ। তিনি বলেছেন, ‘বেশ কটি ক্লাব থেকেই আমার কাছে প্রস্তাব এসেছে। রিয়াল মাদ্রিদ তার একটি।’ রিয়ালের বর্তমান কোচ হোসে মরিনহোও হয়তো এবারের মৌসুম শেষে আবার ফিরে যাবেন চেলসিতে—এমন কথাও বেশ চাউর। সেই বিবেচনাতেই হয়তো আনচেলত্তির প্রতি আগ্রহী হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ। গোল ডটকম।