আনচেলত্তির অভিষেকে দুর্দান্ত রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রীতি ম্যাচে জোড়া গোল করে মৌসুমের শুরুটা ভালোই করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ষ এএফপি
প্রীতি ম্যাচে জোড়া গোল করে মৌসুমের শুরুটা ভালোই করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ষ এএফপি

দক্ষিণ ইংল্যান্ডের অখ্যাত ক্লাব বোর্নমাউথ। পাঁড় ফুটবল-ভক্ত না হলে নামটা নাও শুনে থাকতে পারেন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দূরে থাক, দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নশিপেই উঠেছে গত মৌসুমে। কিন্তু হঠাৎ করেই পাদপ্রদীপের আলোয় এই ক্লাব।
না, অর্জনের খাতায় নতুন কিছু যোগ হয়নি। কিন্তু রিয়াল মাদ্রিদের মতো ক্লাবকে নিজেদের মাঠে আতিথ্য দিয়েই তারা আলোচিত। রিয়ালের প্রাক-মৌসুম শুরু হলো এই ম্যাচ দিয়ে! রিয়ালকে আনতে অবশ্য ১০ লাখ পাউন্ড দিতে হয়েছে ক্লাব মালিকদের। ১২ হাজার দর্শক ধারণক্ষমতার ছোট্ট স্টেডিয়ামে আগের দিন থেকেই সার বেঁধে দাঁড়িয়ে ছিল দর্শক। শুধু এই ম্যাচটার জন্য গ্যালারির অনেকটা সংস্কার করা হয়েছে। টিকিটের মূল্যও ছিল স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ, কিন্তু গ্যালারিতে তিলধারণের ঠাঁই ছিল না। রোনালদো-ওজিলদের দেখার সৌভাগ্য তো সব সময় হয় না!
ফলটা উৎসবের সঙ্গে যায় না, কিন্তু রিয়ালের কাছে ৬-০ গোলের পরাজয় পুঁচকে বোর্নমাউথের কাছে অপ্রত্যাশিতও তো নয়। গাঁটের পয়সা খসিয়ে মাঠে আসাটা সার্থক হয়েছে দর্শকদের।
নতুন কোচ কার্লো আনচেলত্তির প্রথম ম্যাচ। জয় শুরু দিয়ে, গোল করেছেন রোনালদো, খেদিরা, ডি মারিয়া, হিগুয়েইন ও নবাগত কাসেমিরো। অভিষেকে এর চেয়ে বেশি আর কী চাইতে পারতেন আনচেলত্তি? প্রীতি ম্যাচ বলে সবাইকেই ঘুরিয়ে-ফিরিয়ে পরখ করে দেখেছেন। শুরুতেই জোড়া গোল করেন রোনালদো, প্রথমটি তাঁর সেই চেনা ফ্রি-কিক থেকে। এরপর ব্যবধান বাড়ান খেদিরা (৩-০)। দ্বিতীয়ার্ধে হিগুয়েইন, ডি মারিয়া ও নবাগত কাসেমিরো আনচেলত্তির অভিষেককে করে তোলেন স্মরণীয়।
জয়ের পর সংবাদ সম্মেলনে আনচেলত্তির কণ্ঠে থাকল তৃপ্তির ছোঁয়া, ‘প্রথম ম্যাচটা ভালোই গেল। আমাদের লক্ষ্য ভালো ফুটবল খেলা। আমাদের দলের মান বেশ ভালো। কিছু মুহূর্ত অতটা ভালো ছিল না, কিন্তু এটা তো কেবল শুরু। আমি খুশি সবাই খুব খেটে খেলেছে।’
রোনালদোর ভবিষ্যৎও মাদ্রিদেই দেখছেন নতুন কোচ, ‘রোনালদো দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং তা-ই থাকবে।’ ইতালিয়ান কোচ আশাবাদী, হিগুয়েইনও থেকে যাবেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি। সে এখনো রিয়াল মাদ্রিদের একজন। আমি চাইব সে থেকে যাক।’ ওয়েবসাইট।