আনচেলত্তির আস্থা পাননি ওজিল

নেইমার, ফ্যালকাও, কাভানি, তেভেজ, বেল, কাকা—দলবদল করেছেন সবাই। প্রতিটি ঘটনাই ছিল নাটকীয়তায় ভরা। তবে এবারের দলবদলে সবচেয়ে বড় চমকটি বুঝি উপহার দিল আর্সেনালই। দলবদলের দরজা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে ইংলিশ ক্লাবটি রিয়াল মাদ্রিদ থেকে নিয়ে এসেছে মেসুত ওজিলকে।
রিয়ালের জার্মান মিডফিল্ডারকে পেতে আর্সেনালকে তহবিল উজাড় করতে হয়েছে! গড়তে হয়েছে ক্লাব ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। ২০১০ সালে ভের্ডার ব্রেমেন থেকে ওজিলকে ১ কোটি ৫০ লাখ ইউরো দিয়ে নিয়ে এসেছিল রিয়াল। সেই ওজিলের সঙ্গে আর্সেনালের পাঁচ বছরের চুক্তিটা পাঁচ কোটি ইউরোর, যা তাদের আগের সর্বোচ্চ চুক্তির প্রায় তিন গুণ! এর আগে আর্সেনালের সর্বোচ্চ চুক্তি ছিল ১ কোটি ৭৭ লাখ ইউরোর।
রিয়ালের বেল-কাণ্ডের পরও ওজিলের সঙ্গে আর্সেনালের চুক্তিটাকে বড় বিস্ময় বলার কারণ মূলত দুটো। এক. কেনা নয়, খেলোয়াড় বিক্রি করতেই যেন আর্সেনালের ঝোঁক বেশি। অ্যাস্টন ভিলার কাছে মৌসুমের প্রথম লিগ ম্যাচেই হেরে যাওয়ার পর খেলোয়াড় না কেনায় কোচ ওয়েঙ্গারকে দুয়োও শুনতে হয়েছে। ওজিলকে পেয়ে ওয়েঙ্গার উচ্ছ্বসিত, ‘মেসুত ওজিলের সঙ্গে চুক্তি করতে পেরে আমরা আসলেই খুব খুশি।’
দ্বিতীয়ত, এক সপ্তাহ আগেও ওজিলের রিয়াল ছাড়ার গুঞ্জন শোনা যায়নি। সেই ওজিল হুট করে আর্সেনালে পাড়ি জমালেন কেন? আর্সেনালের হয়ে যাওয়ার পর উত্তরটা দিয়েছেন ২৪ বছর বয়সী ওজিলই, ‘আমি রিয়াল মাদ্রিদে থাকতেই চেয়েছিলাম। তখনই বুঝতে পারলাম, আমার প্রতি কোচ-কর্মকর্তাদের আস্থা নেই।’ গত মাসে গ্রানাডার ম্যাচে তাঁকে মাঠ থেকে তুলে নেওয়াকে ভালোভাবে নিতে পারেননি ওজিল। তাঁকে পেতে আরও বড় প্রস্তাব দিয়েছিল ফরাসি ক্লাব পিএসজি। ওজিল খুশি আর্সেনালে এসেই, ‘আর্সেনালের মতো ক্লাবে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত।’ রয়টার্স।