আনচেলত্তির একাদশেও ব্রাত্য ক্যাসিয়াস

এক যুগেরও বেশি সময় ধরে বিশ্বস্ত হাতে রিয়াল মাদ্রিদের গোলপোস্ট সামলিয়েছেন ইকার ক্যাসিয়াস। রিয়াল মাদ্রিদের প্রতীকেও পরিণত হয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী দলের এই গোলরক্ষক। শুধু স্পেনেরই না, অনেকেই বিশ্বের সেরা গোলরক্ষকের স্থানটাও দিয়েছেন ক্যাসিয়াসকেই। কিন্তু গত মৌসুমে এই ক্যাসিয়াসই ব্রাত্য হয়েছিলেন মরিনহোর কাছে। ইনজুরির কারণে কিছুদিন মাঠের বাইরে কাটানোর পর আর সুযোগই পাননি মরিনহোর প্রথম একাদশে। মৌসুমের শেষ ম্যাচগুলো দেখতে হয়েছিল ডাগআউটে বসেই।
এবারের মৌসুমের শুরুতে মরিনহোর বিদায়ের পর রিয়ালও আবার পুরোনোরূপে ফিরে যাবে বলে ধারণা ছিল অনেকের। নতুন কোচ কার্লো আনচেলত্তি আবার ক্যাসিয়াসকে তাঁর হারানো জায়গাটা ফিরিয়ে দেবেন বলেই হয়তো আশা করেছিলেন ক্যাসিয়াস-ভক্তরা। কিন্তু গতকাল লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচে হতাশই হতে হয়েছে তাঁদের। ক্যাসিয়াস বসেছিলেন ডাগআউটে। গোলপোস্টের নিচে দেখা গেছে ডিয়েগো লোপেজকেই। তাহলে কি আনচেলত্তিও হাঁটবেন মরিনহোর পথেই? দূরে সরিয়ে রাখবেন রিয়ালের নিয়মিত অধিনায়ককে?
এখনো হয়তো তেমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেননি রিয়াল মাদ্রিদের নতুন এই ইতালিয়ান কোচ। গতকালের ম্যাচটি শেষে তিনি বলেছেন, ‘এই সিদ্ধান্তটা শুধু আজকের ম্যাচের জন্য। ডিয়েগো আজকের ম্যাচে গোলরক্ষক ছিল। পরবর্তী ম্যাচগুলোতে কী হবে, সেটা দেখা যাবে।’
সিদ্ধান্তটা নিতেও যে আনচেলত্তিকে খুব কষ্টই করতে হবে, সেটা সহজেই অনুমান করা যায়। ক্যাসিয়াসের সামর্থ্য-দক্ষতা তো পরীক্ষিতই। আর লোপেজও গত মৌসুমের শেষে যে রকম পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে তাঁকেও দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়াটা সত্যিই কষ্টকর। এমন কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়েছিলেন, যা এখনো চোখে লেগে আছে ফুটবলপ্রেমীদের। শেষ পর্যন্ত নিয়মিত গোলরক্ষক হিসেবে আনচেলত্তি কাকে বেছে নেবেন সেটাই দেখার বিষয়।