এই শোনা যাচ্ছে তিনি হোয়াইট হার্ট লেন ছেড়ে দিচ্ছেন। পরক্ষণেই বলা হচ্ছে, সব গুঞ্জন। কোথাও যাচ্ছেন না গ্যারেথ বেল। টটেনহাম উইঙ্গারের ‘দলবদল-নাটক’ এখন বিশ্ব ফুটবলে সবচেয়ে আলোচিত বিষয়। আগের দিন শোনা গিয়েছিল, সান্তিয়াগো বার্নাব্যুতে যাবেন বলে সতীর্থদের কাছ থেকে বিদায় পর্যন্ত নিয়ে রেখেছেন বেল। পরশু মোনাকোর সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ৫-২ গোলে হারের পর টটেনহাম কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস জানালেন, এখনো কোথাও যাওয়া নিশ্চিত নয় ওয়েলস উইঙ্গারের। বেলের দলবদল নিয়ে আলোচনা প্রকাশ্য করে দেওয়ায় রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির ওপর ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।সাম্প্রতিক কালে আর কোনো ফুটবলারের দলবদল নিয়ে বোধ হয় এমন নাটক হয়নি। রিয়ালের কাছ থেকে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়েও বেলকে বিক্রি করার সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে টটেনহাম। তবে রিয়াল কোচ আনচেলত্তি আশা প্রকাশ করেছিলেন, দুই ক্লাবের মধ্যে যেহেতু আলোচনা চলছে, শিগগিরই এর সমাধানও বেরিয়ে আসবে। কোনো কিছু চূড়ান্ত হওয়ার আগে দুই ক্লাবের মধ্যে আলোচনার ব্যাপারটা আনচেলত্তি যেভাবে সংবাদমাধ্যমে জানিয়ে দিয়েছেন, সেটিকে অনৈতিক মনে করছেন ভিলাস-বোয়াস, ‘আমার মতে, কার্লো (আনচেলত্তি) এটা জনসমক্ষে এনে ঠিক করেননি। আমরা বেলের বিষয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে কথা বলছি, এটা সবাইকে জানিয়ে দেওয়া ভুল। শিগগিরই ওর দলবদলের গুঞ্জনটাও সত্যি নয়।’ কোনো ফুটবলারকে নিয়ে যাতে এ রকম গুঞ্জন না ছড়ায় সেদিকে ফুটবল কর্তৃপক্ষের সতর্ক থাকা দরকার বলেও জানিয়েছেন তিনি, ‘সাধারণত এই ধরনের বিষয়গুলো ফুটবল অ্যাসোসিয়েশন নজরদারি করে। আনুষ্ঠানিকভাবে আমরা শুধু এটুকু বলতে পারি, বেল বিক্রির জন্য নয়।’মজার ব্যাপার হচ্ছে, বেলকে নিয়ে যে রিয়াল মাদ্রিদের সঙ্গে কথাবার্তা হচ্ছে এটা পরে স্বীকার করেছেন তিনি। বেলকে বিক্রি করে দেওয়া হতে পারে, দিয়েছেন এই আভাসও, ‘রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনা চলছে, কারণ গত মৌসুমে লুকা মডরিচের দলবদলের (টটেনহাম থেকে রিয়ালে যোগ দিয়েছেন) পর থেকে দুই ক্লাবের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ আছে। তবে আমরা বেলকে নিয়েই ভবিষ্যতের পরিকল্পনা করছি। কিন্তু ফুটবলে যেকোনো কিছুই হতে পারে।’পরশুর প্রীতি ম্যাচে বেল অবশ্য খেলেননি। মোনাকোর জয়ে দুই গোল করে রাদামেল ফ্যালকাও বুঝিয়ে দিয়েছেন, তাঁর পেছনে ৬০ মিলিয়ন ইউরো খরচ করে ভুল করেনি ফরাসি ক্লাবটি। এএফপি।