আনচেলত্তির কণ্ঠে ঐক্যের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রেসিংরুমে গুমোট পরিবেশ, অভ্যন্তরীণ কোন্দল বারবার সংবাদমাধ্যমে শিরোনাম। হোসে মরিনহোর শেষ সময়টায় এতটাই বিষিয়ে উঠেছিল সান্তিয়াগো বার্নাব্যুর বাতাস। তারপর মরিনহো গেলেন, রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিলেন কার্লো আনচেলত্তি। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সাফল্য অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তবে ইতালিয়ান এই কোচের বড় চ্যালেঞ্জ ছিল সবার আগে গুমোট পরিবেশটাকে হালকা করা। আবারও আগের মতো প্রাণবন্ত করে তোলা বার্নাব্যুকে। রিয়ালের নতুন কোচ অবশ্য দাবি করছেন এরই মধ্যে কাজটা করে ফেলেছেন। সান্তিয়াগো বার্নাব্যুর বাতাসে এখন ঐক্যের সুর।রিয়াল মাদ্রিদে তিন মৌসুমে মরিনহোর অর্জন ফেলে দেওয়ার মতো নয়। কিন্তু সেসব ছাপিয়ে শেষ সময়ে তিনি খলনায়ক! ইকার ক্যাসিয়াসকে বেঞ্চে বসিয়ে রাখা, ড্রেসিংরুমে কোন্দল, সিনিয়র ফুটবলারদের সঙ্গে বনিবনা না হওয়া—সব মিলিয়ে সমর্থকদের মন উঠে গিয়েছিল তাঁর ওপর থেকে। মূল চ্যালেঞ্জ ১১ বছর ধরে অধরা চ্যাম্পিয়নস লিগের শিরোপা আর বার্সেলোনার কাছ থেকে লিগ শিরোপা পুনরুদ্ধার করা। কিন্তু সবার আগে ঘর সামলানোটাই জরুরি হয়ে পড়েছিল। নতুন কোচ অবশ্য আশ্বস্ত করছেন ইতিমধ্যেই সে কাজটা করতে পেরেছেন, ‘মাঝে মাঝে কিছু সমস্যা হতেই পারে। কিন্তু দল ঐক্যবদ্ধ থাকলে সেসব দ্রুত কাটিয়ে ওঠা যায়। এখন আমাদের দল ঐক্যবদ্ধ এবং আমি আশা করছি এভাবেই থাকবে।’তাঁর অধীনে রিয়াল মাদ্রিদ কেমন খেলবে, সেটা নিয়েও চলছে নানা অনুমান। রিয়ালের মতো আক্রমণাত্মক দলকে মরিনহো উদ্বুদ্ধ করেছিলেন ফলনির্ভর ফুটবলে। অবশ্য আনচেলত্তির আশ্বাস ফলনির্ভর ফুটবলের সঙ্গে সুন্দর খেলাও উপহার দেওয়ার চেষ্টা করবেন, ‘আমি পাল্টা-আক্রমণনির্ভর ফুটবল খেলাতে চাই না। আমরা বলের ওপর দখল আর নিয়ন্ত্রণ রেখে সুন্দর ফুটবল খেলতে চাই। মিলান, চেলসি ও পিএসজিতে আমি তা-ই করেছি। এখানেও সেটির ব্যতিক্রম হবে না।’নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সৈন্য-সামন্তের অভাব নেই আনচেলত্তির। ক্রিস্টিয়ানো রোনালদো, মেসুত ওজিল, আঙ্গেল ডি মারিয়া ও জাভি আলোনসোর মতো তারকারা আছেন। দলে আনা হয়েছে স্পেন অনূর্ধ্ব-২১ দলের তারকা ইসকো আর ইয়ারামেন্দিকে। তবে সবচেয়ে বড় যে তারকার দিকে হাত বাড়িয়েছিল রিয়াল, সেই গ্যারেথ বেলকে বার্নাব্যুতে এখনো আনা যায়নি। তবে এখনো আশা ছাড়েনি রিয়াল মাদ্রিদ। গুঞ্জন আছে, বেল আসবেন ধরে নিয়েই তাঁর প্রিয় ১১ নম্বর জার্সি এখনো দেওয়া হয়নি রিয়ালের আর কাউকে। আনচেলত্তি এ নিয়ে সরাসরি কিছু না বলে পাশ কাটিয়ে গেছেন, ‘এটা বেলের জন্যই রাখা হয়েছে এমন নয়। এই জার্সি নম্বর এখনো কেউ চায়নি বলেই ফাঁকা আছে।’ রয়টার্স।