আনচেলত্তিরই নাম ঘোষণা করল রিয়াল

খেলোয়াড় হিসেবে দুবার জিতেছেন। কোচ হিসেবেও দুবার। ইউরোপিয়ান কাপ কিংবা এখনকার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার মন্ত্রটা খুব ভালোই জানা আছে তাঁর। সেই কার্লো আনচেলত্তিকেই নতুন কোচের দায়িত্ব দিল রিয়াল মাদ্রিদ। হোসে মরিনহোর স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। ‘স্পেশাল ওয়ান’ মরিনহোও কিন্তু পারেননি চ্যাম্পিয়নস ট্রফির জন্য রিয়ালের এক দশকেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটাতে। আনচেলত্তি কি পারবেন?
সে তো সময়ই বলে দেবে। তবে তিনটি ভিন্ন দেশের হয়ে লিগ জেতার অভিজ্ঞতাসমৃদ্ধ এই ইতালিয়ান কোচই যে রিয়ালের জন্য সবচেয়ে যোগ্য কোচ, এ নিয়ে বিতর্কের সুযোগ সামান্যই। রিয়ালও তাদের সাইটে বলছে, ‘ইউরোপের সেরা কিছু দলের (জুভেন্টাস, এসি মিলান, চেলসি, পিএসজি) কোচ হিসেবে দায়িত্ব পালনের চাপের সঙ্গে পরিচিত এই ইতালিয়ান কোচ হচ্ছেন রোমাঞ্চকর কিছু এনে দেওয়ার নিশ্চিত প্রতিশ্রুতি।’
৫৪ বছর বয়সী আনচেলত্তিই যে রিয়ালের কোচ হচ্ছেন, এটা এক রকম নিশ্চিতই ছিল। বাধা ছিল কেবল পিএসজির সঙ্গে তাঁর চুক্তির এক বছরের মেয়াদটি। রিয়াল পিএসজিকে ৪০ লাখ ইউরো ক্ষতিপূরণ দিয়েই আনচেলত্তিকে এনেছে। দেখা যাক, প্রত্যাশার প্রতিদান তিনি দিতে পারেন কিনা। রয়টার্স।