আনচেলত্তিরও প্রথম পছন্দ লোপেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটু পরই খেলা শুরু হবে আর ইকার ক্যাসিয়াস বেরিয়ে যাচ্ছেন মাঠ থেকে। তাঁর ঠিকানা যে বেঞ্চ! পরশু গ্রানাডার বিপক্ষে ম্যাচে রয়টার্স
একটু পরই খেলা শুরু হবে আর ইকার ক্যাসিয়াস বেরিয়ে যাচ্ছেন মাঠ থেকে। তাঁর ঠিকানা যে বেঞ্চ! পরশু গ্রানাডার বিপক্ষে ম্যাচে রয়টার্স

আগের দিন লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। পরশু রিয়াল মাদ্রিদও বার্সার মতো দুইয়ে দুই করে ফেলল। যদিও রিয়ালের জন্য আত্মতৃপ্তির ঢেকুর তোলার উপাদান থাকছে সামান্যই! প্রথম ম্যাচে রিয়াল বেটিসের সঙ্গে ২-১ গোলের কষ্টার্জিত জয়ের পর পরশু গ্রানাডার বিপক্ষে জয়টা ১-০ গোলে। প্রথমার্ধের ১০ মিনিটে একমাত্র গোলটি করিম বেনজেমার।
ম্যাচ শুরু হতেই যেমন, ম্যাচ শেষেও বাকি সব ছাপিয়ে বড় হয়ে ওঠে ইকার ক্যাসিয়াসের প্রসঙ্গ। এ ম্যাচেও ক্যাসিয়াস বেঞ্চে! প্রথম ম্যাচে কোচ কার্লো আনচেলত্তি বেছে নিয়েছিলেন ডিয়েগো লোপেজকে। প্রশ্নটা উঠে গিয়েছিল তখনই, পূর্বসূরি হোসে মরিনহোর মতো আনচেলত্তিরও প্রথম পছন্দের গোলরক্ষক লোপেজই কি না। ম্যাচ শেষে রিয়ালের ইতালিয়ান কোচ উত্তরে বলেছিলেন, ‘সিদ্ধান্তটা ছিল শুধুই এ ম্যাচের জন্য।’ গ্রানাডার বিপক্ষে ম্যাচে রিয়ালের গোলপোস্টের নিচে কে দাঁড়ান, তা নিয়ে তাই তুমুল কৌতূহল ছিল।
আনচেলত্তি আবারও লোপেজকেই বেছে নেওয়ার পর ওই প্রশ্নটা আরও বড় হয়েছে, তবে কি লোপেজই এক নম্বর? রিয়াল কোচ এবার নিজের পছন্দের কথা গোপন করেননি, ‘লোপেজ প্রথম ম্যাচ খেলেছে। এখন দ্বিতীয় ম্যাচটাও খেলল। এই মুহূর্তে সে ভালো খেলছে। এর বেশি কিছু নয়।’ ক্যাসিয়াসকে ঘিরে রিয়াল মাদ্রিদ সমর্থকদের যে আবেগ, তাতে এই সিদ্ধান্ত তাঁর ওপর চাপ বাড়িয়ে দেবে কি না, এই প্রশ্নটার দারুণ উত্তর দিলেন, ‘চাপই আমার জ্বালানি।’
দুর্বল গ্রানাডার বিপক্ষে মাত্র এক গোলের জয় নিয়ে খুব খুশি হওয়ার কিছু নেই রিয়ালের। তার পরও এই জয় বোধ হয় একটু স্বস্তিও দিয়েছে তাদের। গত মৌসুমে গ্রানাডার মাঠে ১-০ গোলে হেরেছিল রিয়াল। সেটিও ক্রিস্টিয়ানো রোনালদোর আত্মঘাতী গোলে। এবার গ্রানাডার মাঠে রোনালদো প্রায়শ্চিত্ত করলেন বেনজেমাকে গোলটা বানিয়ে দিয়ে! তা না হয় করলেন, কিন্তু লিগের প্রথম দুই ম্যাচে রোনালদোর গোল করতে না পারার বিস্ময় তাতে এতটুকু কমছে না। এএফপি, ওয়েবসাইট।