আনন্দ-অভিনন্দন-কটাক্ষ
মাত্রই মিনিট কয়েকের ব্যবধান, কী নাটকীয়ভাবেই না বদলে গেল দৃশ্যপট। টাচলাইনের বাইরে মাথা নিচু করে বসে ছিলেন তিনি। উঠে দাঁড়িয়ে চিৎকার করে কাউকে কিছু একটা বললেন, হতাশায় খামচে ধরেন মাথার চুল। একটু পর সেই লোকই দুই হাত তুলে দৌড়ালেন দিগ্বিদিকশূন্য হয়ে। একবার ডানে, আবার বাঁয়ে। সামনে যাকে পাচ্ছেন, জড়িয়ে ধরছেন। মূহ্যমান হতাশা থেকে আনন্দে আত্মহারা রবার্তো মানচিনি। নাটকের শেষ অঙ্কের রোমাঞ্চ ফুটে উঠল ম্যানচেস্টার সিটি কোচের কণ্ঠে, ‘পাগলাটে ম্যাচ, পাগলাটে শেষ দুটো মিনিট—পাগলাটে এক মৌসুমের উপযুক্ত সমাপ্তি!’বিশাল অঙ্কের বিনিয়োগ, আকাশছোঁয়া স্বপ্ন, মৌসুমজুড়ে ঘাম ঝরানো পরিশ্রম—সব ভেস্তে যেতে বসেছিল ১০ জনে পরিণত হওয়া পুঁচকে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে। শেষ চার মিনিটে অবিশ্বাস্যভাবে দুটো গোল না হলে মিথ্যা হয়ে যেত সবকিছু। হয়তো ৪৪ বছরের প্রতীক্ষা শেষের আনন্দে বাড়তি রং চড়াতেই ফুটবল বিধাতার এত আয়োজন! উচ্ছ্বসিত মানচিনির দাবি, যোগ্য দলই জিতেছে শিরোপা, ‘সেরা ফুটবল আমরাই খেলেছি, সবচেয়ে বেশি গোল করেছি, দুবার ইউনাইটেডকে হারিয়েছি। ওদের দুবার হারানো, ওদের চেয়ে বেশি গোল করা ও কম গোল হজম করা মানে শিরোপাটা আমাদের প্রাপ্য ছিল। সেরা দলটাই চ্যাম্পিয়ন হয়েছে।’কিউপিআরের বিপক্ষে ৫ মিনিট বাড়তি সময় পেয়েছিল সিটি, সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছিল ৩ মিনিট। স্টেডিয়াম অব লাইটে নিজেদের ম্যাচ শেষেও শিরোপার স্বপ্ন জিইয়ে ছিল ইউনাইটেডের। তাদের স্বপ্ন শেষ হতে লাগল মাত্র দুই মিনিট। শুধু এই দুই ক্লাব নয়, শেষ কয়েক মিনিটের ওই অনিশ্চয়তা ছুঁয়ে গিয়েছিল সবাইকেই। ফুলহাম কোচ মার্টিন জোলের কথাই সবকিছুর প্রতীক, ‘মাঠে হ্যারি রেডন্যাপ বললেন, ইউনাইটেড চ্যাম্পিয়ন, ড্রেসিংরুমে ফিরে শুনি সিটি চ্যাম্পিয়ন!’নগর প্রতিদ্বন্দ্বীদের অভিনন্দন জানিয়েছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। তবে স্বভাবসুলভ খোঁচাও দিয়েছেন, ‘এতটা নাটকীয়তা কেউ ভাবতে পারেনি। সবাই ভেবেছিল, সিটিই জিতবে। ওরা জিতেছে, কিন্তু আধা ঘণ্টা ধরে ১০ জনের বিপক্ষে খেলে এবং ৫ মিনিট ইনজুরি সময় পেয়ে। তবে আমি সিটিকে অভিনন্দন জানাই। অসাধারণ একটা অর্জন, কারণ এটা বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ। এই শিরোপা যে জেতে, তার সেটা প্রাপ্য।’ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠের লড়াইয়ের মতো সাধারণত জমজমাট থাকে কথার লড়াইও। ইউনাইটেডকে চ্যালেঞ্জ জানানো কোচের সঙ্গে ফার্গুসনের কথার লড়াইও হয়। এবার লড়াইটা তেমন জমেনি। মানচিনি বরাবরই যে ইউনাইটেডকে সম্ভাব্য চ্যাম্পিয়ন বলে এসেছেন! এত দিনে সিটি কোচ খোলাসা করলেন কথার লড়াইয়ে আত্মসমপর্ণের রহস্য, ‘আমি কখনোই এটা বিশ্বাস করিনি। তবু এটা বলেছি, দলের ওপর থেকে চাপ তুলে নিতে। ডার্বি ম্যাচের আগে আমরা ৩ পয়েন্ট পেছনে ছিলাম, দলকে নির্ভার রাখা তাই জরুরি ছিল।’তীরে এসে তরি ডোবানো আর নগর প্রতিদ্বন্দ্বীদের উল্লাস ভালোই বুকে বিঁধছে স্যার ফার্গির। নিজেদের শ্রেষ্ঠত্বের কথাই বললেন ঘুরেফিরে, ‘ওদের উৎসব বাঁধনহারা হবেই, এটাই প্রত্যাশিত। তবে আমাদের ইতিহাসই আমাদের সবার চেয়ে আলাদা করে তুলবে। ওদের নিয়ে আমাদের ভাবনার কিছু নেই। আমাদের ইতিহাস সমৃদ্ধ, আর সবার চেয়ে ভালো। আমাদের পর্যায়ে আসতে ওদের শত বছর লাগবে।’নিজেদের নিয়ে এখনই বড় কিছু অবশ্য ভাবছেনও না মানচিনি। তবে সিটি কোচের চোখে ভাসছে বড় স্বপ্নই, ‘আমার খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। ওরা এই শিরোপাটা চেয়েছিল, এ জন্য পুরো মৌসুমে নিজেদের উজাড় করে দিয়েছে। শেষ দিনের শেষ সেকেন্ড পর্যন্ত লড়েছে। আমার ধারণা, এই শিরোপা ক্লাবের ইতিহাসই বদলে দেবে!’ এএফপি, রয়টার্স।