আনন্দ আছে, অনুতাপও

আহা কী আনন্দ আকাশে-বাতাসে! শ্রীলঙ্কা ৫৮৭ করেছে তো কি, বাংলাদেশও তো ১ উইকেটে ২৩২। রোদ ঝলমল সোনালি দুপুরে কী সুন্দরই না দেখাচ্ছে স্কোরবোর্ডটাকে!
দিন শেষে সেই স্কোরবোর্ডেই অঙ্কিত ৪০৯/৮। রান ঠিক আছে, কিন্তু উইকেট পড়তে পড়তে যে একেবারে লেজে এসে গেল! দুপুরের মিষ্টি আনন্দ পড়ন্ত বিকেলে ঢেকে গেল আফসোসের ছায়ায়।
নাসির হোসেনের ব্যাটে বল না লাগার পরও কট বিহাইন্ড নিয়ে ড্রেসিংরুমে ক্ষোভের আগুন। কিন্তু কালই নাসির পর্যন্ত কেন এল বাংলাদেশের ইনিংস? দ্বিতীয় উইকেটে শামসুর রহমান-ইমরুল কায়েসের রেকর্ড জুটিটা কেন আরও অনেকটা পথ টেনে নিয়ে গেল না? মুমিনুল-সাকিবরাই বা কেন ব্যাটিং গালিচায় উইকেট বিলিয়ে এলেন? দিন শেষে তিন জায়গায় প্রশ্নগুলো উঠল—
সংবাদ সম্মেলনে শামসুর রহমান: সেঞ্চুরিয়ান ব্যাটসম্যানদের কাছে কিছু গৎবাঁধা প্রশ্ন থাকে। কেমন লাগছে, নিশ্চয়ই খুব আনন্দিত ইত্যাদি। কিন্তু শামসুর রহমানের প্রথম টেস্ট সেঞ্চুরির পরের সংবাদ সম্মেলনের শুরুতেই আক্রমণ—দুই ব্যাটসম্যান সেঞ্চুরি করলেও যেভাবে আপনারা আউট হলেন...। শামসুর কবজির মোচড়ে আক্রমণের তির ঘুরিয়ে দিলেন আম্পায়ার পল রাইফেলের দিকে, ‘আমরা চেষ্টা করেছি সেরাটা খেলতে। সফলও হয়েছি। বড় একটা জুটি হয়েছিল। কিন্তু আম্পায়ারের একটি বাজে সিদ্ধান্তে দিনটা আমাদের পক্ষে থাকল না। নাসিরের আউটটা...।’ পরের প্রশ্নে সরাসরিই বললেন, ‘আমরা টিভি রিপ্লেতে দেখেছি, ও আউট ছিল না।’
ভুল আম্পায়ারিং হলেও সেটি নিয়ে কথা বলা মানে জরিমানা গোনা। শামসুরের পর দলের আরও দু-একজনের মুখে একই অভিযোগ শুনে মনে হলো জরিমানার ভয়কে পাত্তা না দিয়ে বাজে সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়াটা কাল দলীয় পরিকল্পনারই অংশ ছিল। কিন্তু নাসিরের বিতর্কিত আউটের আগে যে উইকেট বিলিয়ে দিয়ে আসার প্রতিযোগিতাও হলো! এবার খুঁজে পাওয়া গেল অনুতাপের সুর, ‘আমি নিজে বাজে শট খেলে আউট হয়েছি। ইমরুলও তা-ই। বাকিগুলোর ক্ষেত্রেও বলব, আমরা হিসাব করে ব্যাটিং করতে পারিনি।’
বিসিএলে ডাবল সেঞ্চুরি করে আসার আত্মবিশ্বাস ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই শামসুরের সেঞ্চুরি পাওয়াতে বড় প্রভাবক হয়ে থাকবে। তবে ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেট ভিন্ন মঞ্চ। গত নিউজিল্যান্ড সিরিজে নিজের দ্বিতীয় ওয়ানডেতে আউট হয়ে গিয়েছিলেন ৯৬ রানে। সেঞ্চুরির আগমুহূর্তে সেই ভয়টা তাড়িয়ে বেড়িয়েছে কালও।
শামসুরের চোখে ম্যাচটা ড্র করার সম্ভাবনা এখনো আছে। তবে শর্ত জুড়ে দিলেন দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিংয়ের, ‘বড় কোনো দুর্ঘটনা না ঘটলে এবং পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে টেস্ট ড্র হওয়ার সম্ভাবনাই বেশি।’
ড্রেসিংরুমের সামনে ইমরুল কায়েস: অজন্তা মেন্ডিসের বলটা ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে বোল্ড। হ্যামস্ট্রিংয়ে চোটটাও পেলেন তখনই। কিছুটা পথ ফিজিওর কাঁধে ভর দিয়ে, কিছুটা পথ স্ট্রেচারে করে ফিরলেন ড্রেসিংরুমে। প্রাথমিক চিকিৎসার পর দিনের বাকি সময়ের প্রায় পুরোটা শুয়েই ছিলেন। দিন শেষে সংবাদ সম্মেলনে না এলেও ড্রেসিংরুমের সামনের গ্যালারিতে বসে কথা বললেন সাংবাদিকদের সঙ্গে। সে কথোপকথনও আনন্দ আর অনুতাপের যুগলবন্দী।
দুই বছর পর টেস্টে ফিরেই সেঞ্চুরি—অপেক্ষার মধুর সমাপ্তির কারণেই আনন্দটা বেশি ইমরুলের। অনুতাপ বাজে শট খেলে আউট হওয়ায়, ‘ওই শটটা খেলা ঠিক হয়নি। আমার ভুল হয়েছে।’ আউট ছাড়াও আরও কিছু দৃষ্টিকটু শট ছিল। তিন-তিনবার ক্যাচ দিয়ে বেঁচে গেছেন। তবে ইমরুলের দৃষ্টিতে এসব খেলারই অংশ।
পরশু ব্যাটিংয়ে নামার পর প্রথম বলেই কুঁচকিতে অস্বস্তি অনুভব করেছিলেন। পরে বুকেও একটা বল লাগায় ব্যাটিংয়ের পুরো সময়টাতেই শারীরিকভাবে স্বস্তিতে ছিলেন না। ব্যাটিং করেছেন ব্যথানাশক ট্যাবলেট খেয়ে। খেলায় এর প্রভাব পড়লেও উপভোগ করেছেন শামসুরের সঙ্গে জুটিটা, ‘শুভ (শামসুর রহমান) অনেক ভালো ব্যাটিং করেছে। প্রথম ওভারেই উইকেট পড়াটা বড় চাপ ছিল। তবে আমি আর ও ব্যাটিংয়ের সময় অনেক মজা করেছি। সে জন্যই হয়তো চাপটা সেভাবে বোঝা যায়নি।’
বাসে ওঠার আগে মুশফিকুর রহিম: বিসিবির একাডেমির দায়িত্বে থাকার সময় রুয়ান কালপাগে কিছুদিন কাজ করেছিলেন জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে। সেই কালপাগে এখন শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ। কাল খেলা শেষে মাঠ ছেড়ে যাওয়ার সময় পুরোনো কোচের সঙ্গে হাসতে হাসতে সিঁড়ি দিয়ে নামছিলেন বাংলাদেশ অধিনায়ক। তার মধ্যেই আঙুলের চোটের খবর জানতে চাইলে বললেন, ‘ব্যথা আছে। কাল (পরশু) রাতে দুটি পেইনকিলার ইনজেকশন নিয়েছি। আজও (গতকাল) দুটি নিয়ে ব্যাটিংয়ে নেমেছি।’ বাঁ হাতের কড়ে আঙুলে টেপ লাগানো ছিল তখনো।
আঙুলের ব্যথার কথা বলতে গিয়ে যতটা না কাতর হলেন, মুশফিককে তার চেয়ে বেশি হতাশ মনে হলো বাংলাদেশ দলের ব্যাটিংয়ের প্রসঙ্গে। এ নিয়ে জিজ্ঞেস করতেই আম্পায়ারিং নিয়ে বলতে গিয়েও থেমে গেলেন। শুধু বললেন, ‘নাসিরের আউটটা না হলে হয়তো এখনো ৬ উইকেট থাকত। বড় একটা জুটিও হতে পারত। কিন্তু হলো না!’
টেস্টের তৃতীয় দিনে আনন্দের বার্তাই বয়ে এনেছে বাংলাদেশের ইনিংসে দুটি সেঞ্চুরি। তবে নির্ভেজাল আনন্দ বোধ হয় নয়। সেই আনন্দের সঙ্গে মিশে থাকল একটু আফসোস আর অনুতাপও।