আনন্দ আর হতাশার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা মানেই খেলা শেষে দুই রকমের দৃশ্য। কেউ আনন্দে উদ্বেল, কেউ নুয়ে পড়বে বিষাদে। এবারের এসএ গেমসটাও বাংলাদেশের অ্যাথলেটদের মনে দিয়ে গেছে দুই রকমের অনুভূতির দাগ। কেউ ভেসেছেন অপ্রত্যাশিত প্রাপ্তির আনন্দে। কেউ আবার প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি যোগ ঘটাতে না পারায় ভেঙে পড়েছেন হতাশায়।তায়কোয়ান্দোতে দুটি সোনা জিতেছে বাংলাদেশ। প্রথম সোনা জয়ের আনন্দে ভাসিয়েছেন দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে আসা শারমিন ফারজানা। তাঁর সোনালি সাফল্যের মিছিলে যোগ দিয়েছেন মাগুরার বামনপুরের মেয়ে শাম্মী আক্তারও। খুব বেশি না হলেও শারমিনকে ঘিরে আশা ছিল বাংলাদেশের, কিন্তু এই প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া শাম্মীকে নিয়ে সে রকম কিছু ছিল না বললেই চলে। এ কারণেই তায়কোয়ান্দোর সোনা নিয়ে উচ্ছ্বাসটা অনেক বেশি। দুটি সোনা জয়ের পরই কোর্টে এমন উত্সব হয়েছে যে কারও কারও যদি দেখে মনে হয়ে থাকে এটা অলিম্পিক জয়ের উত্সব, তাঁকে দোষ দেওয়া যাবে না। শারমিন আর শাম্মী, সোনা জয়ের পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় দুজনেই বলেছেন—এতটা ভাবেননি তাঁরাও। শারমিন বলেছেন, ‘আমার এই প্রাপ্তি প্রত্যাশাকেও ছাপিয়ে গেছে।’ আর শাম্মী তো নিজের গায়ে চিমটি কেটে বোঝার চেষ্টা করছেন এটা স্বপ্ন নয় তো! ‘আমি বিশ্বাসই করতে পারছি না।’প্রদীপের নিচে অন্ধকারের বাস, তায়কোয়ান্দোতেও অপ্রত্যাশিত এই সাফল্যের পাশেই আছে অপ্রাপ্তির আক্ষেপ। বাংলাদেশের সেই আক্ষেপের নাম মিজানুর রহমান। গত কলম্বো গেমসে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন সোনা জিতে। অথচ এবার প্রথম রাউন্ড থেকেই বিদায়! হতাশা আর গ্লানিতে ডুবে যাওয়া মিজানুর বলেছেন, ‘খারাপ তো লাগছেই। তায়কোয়ান্দোতে আসলে আমাকে ঘিরেই ছিল সোনার আশা। অথচ আমি তা পূরণ করতে পারিনি। সোনা পেল অন্যরা!’অপ্রত্যাশিত সোনা এসেছে কারাতে থেকেও। কারাতের এগারোটি ইভেন্ট থেকে চারটি সোনা জিতেছে বাংলাদেশ। এর মধ্যে দুটোর সম্ভাবনা আগে থেকেই থাকলেও অন্য দুটিকে পড়ে পাওয়া চৌদ্দ আনা বললে ভুল হবে না। কারাতে কাতার দলগত ইভেন্টে সৈয়দ নুরুজ্জামান ও তাঁর দল এবং ব্যক্তিগতে জ উ প্রুর সোনা জয়ের প্রত্যাশা ছিল। অতি উচ্ছ্বাসে না ভেসে এঁরা তাই শোনালেন প্রত্যাশা পূরণের কথা, ‘প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি যোগ ঘটল। সবার প্রত্যাশা পূরণ করতে পেরে ভালো লাগছে।’ তবে অপ্রত্যাশিত সোনা জিতে উল্লাসে ভেসেছেন অন্যরা। ব্যক্তিগত কুমিতে সোনাজয়ী মরিয়ম এবং দলীয় কাতায় জ উ প্রুর সঙ্গে সোনা জেতা বিপাশা, দুজনের একই কথা, ‘ভাবিনি এমন সাফল্য পাব। এত বড় অর্জনে খুব আনন্দ লাগছে। ভবিষ্যতে দেশকে আরও বড় সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব।’প্রত্যাশা আর প্রাপ্তি এক বিন্দুতে মেলাতে পারেনি বাংলাদেশের পুরুষ কাবাডি দল। শক্তিশালী ভারতকে হারিয়ে সোনা জয়ের আশা তারা করেনি, তবে পাকিস্তানকে পেছনে ফেলে রুপা জয়ের প্রত্যাশা ঠিকই ছিল। কিন্তু শেষ পর্যন্ত না পাওয়ার বেদনাতে ব্যথাতুর তারা।বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আঘাতটি এসেছে শ্যুটিংয়ে। ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতা একরকম নিশ্চিতই ধরে নিয়েছিল সবাই। কিন্তু আসিফ পারেননি। কি এক অদ্ভুত কারণে শেষ শটটিতে এলোমেলো হয়ে গেল সব! এই ইভেন্টে সোনা চলে গেল ভারতে। আসিফ শুধু হতাশায় কঁকিয়ে উঠে বললেন, ‘কী যে হয়ে গেল। আমি হতাশ।’আসিফের সঙ্গে এই সোনাটি জিততে না পেরে হতাশ পুরো বাংলাদেশ। অপ্রত্যাশিত সাফল্যের তালিকাটাও কি পারবে সে হতাশায় সান্ত্বনার প্রলেপ হতে?