আনন্দ ও প্রেরণার পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএ গেমসে সোনাজয়ী মাবিয়া আক্তার সীমান্তর হাতে ফ্ল্যাটের প্রতীকী চাবি তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত পরশু রাতে গণভবনে l ফেসবুক
এসএ গেমসে সোনাজয়ী মাবিয়া আক্তার সীমান্তর হাতে ফ্ল্যাটের প্রতীকী চাবি তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত পরশু রাতে গণভবনে l ফেসবুক

মখমলে মোড়ানো বাক্সের মধ্যে বড় একটা চাবির রেপ্লিকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে চাবিটা দিলেন মাহফুজা খাতুন শিলাকে। ভারতে গত এসএ গেমসে সোনাজয়ী সাঁতারুর মুখে আনন্দের ঝিলিক, হৃদয়ে খুশির বন্যা। এই ছবিটাকেই তিনি ফেসবুকের কাভার ছবি বানিয়েছেন।
শুধু শিলাই নন, এসএ গেমসে সোনাজয়ী শুটার শাকিল আহমেদ, ভারোত্তোলক মাবিয়া আক্তারের ফেসবুক পেজেও ফ্ল্যাটের চাবির ছবিসহ স্ট্যাটাস। সারকথা একটাই—প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে!
পরশু গণভবনে দেশের বিভিন্ন খেলায় গত ছয় মাসে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্য পাওয়া ৩৩৯ জন ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তাকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রত্যেক খেলোয়াড়কে প্রধানমন্ত্রী ১ লাখ টাকা পুরস্কার দিয়েছেন। সঙ্গে গত এসএ গেমসের তিন সোনাজয়ীর হাতে তুলে দিয়েছেন প্রতিশ্রুত ফ্ল্যাটের চাবি।
দেশের ক্রিকেট একটু বেশি পাদপ্রদীপের আলোয় বলে এত দিন ক্রিকেটাররাই প্রধানমন্ত্রীর কাছে গেছেন বেশি। অন্য খেলার খেলোয়াড়েরা সেই সুযোগ একটু কমই পেয়েছেন। অন্য খেলোয়াড়দের সেই আক্ষেপও পরশু ফুরাল। আর এতে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান আবেগাপ্লুত, ‘কী বলব, আমরা তো উড়ছি! এত সম্মান পাব, এমনটা কখনো আশাই করিনি। এটা আমাদের জন্য বিরাট অনুপ্রেরণা। আমি আন্তরিকভাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।’
ক্যারিয়ারের গোধূলিবেলায় এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ‘প্রধানমন্ত্রী আমাদের এত বড় মর্যাদা দেবেন, ভাবতেই পারিনি। আমাদের জন্য এ এক বড় পাওয়া। এটা স্মরণীয় এক সন্ধ্যা হয়ে থাকবে সারা জীবন।’ প্রধানমন্ত্রী রানী হামিদকে আগে থেকেই চিনতেন। তাঁর খেলার খোঁজখবরও রাখেন। তা, কী কথা হলো প্রধানমন্ত্রীর সঙ্গে? রানী হামিদের উত্তর, ‘প্রধানমন্ত্রী কাছে ডেকে নিয়ে বললেন, আপনাকে আমি চিনি। আপনাদের শুধু টাকা দিলাম, ফ্ল্যাট দিতে পারিনি বলে দুঃখ পাবেন না। ওরা শুধু সোনা জিতেছে বলেই ফ্ল্যাট দিইনি, যে অবস্থা থেকে লড়াই করে উঠে এসেছে এটাও বিবেচনা করেছি। আসলে মানবতার খাতিরেই ওদের এসব দিয়েছি।’
আগেও অনেক আন্তর্জাতিক সাফল্য এনে দিলেও কাঙ্ক্ষিত স্বীকৃতি ও আর্থিক পুরস্কার পায়নি বাংলাদেশ হকি দল। পরশু প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়ে আবেগে ভেসে গেলেন হকি দলের সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন, ‘ভাষায় বোঝাতে পারব না। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়া খুবই গর্বের। শুধু ক্রিকেট না, হকি, ফুটবল, ভলিবল এমনকি প্রতিবন্ধী ক্রিকেটাররাও সমান গুরুত্ব পেয়েছে। আমরা সবাই বিস্মিত।’ চয়নের কণ্ঠে ভবিষ্যতে আরও ভালো করার প্রতিশ্রুতি, ‘আরও ভালো খেলতে হবে আমাদের। তাহলে প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করতে পারব।’
উদীয়মান ব্যাডমিন্টন খেলোয়াড় মিনহাজউদ্দিন আহমেদের ঘোর কাটছে না, ‘জীবনে প্রথম গণভবনে গেলাম। স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। এখনো যেন বিশ্বাস হচ্ছে না। ফেডারেশন থেকে কোনো সাহায্য পাই না। এই টাকা দিয়ে অনুশীলনের সরঞ্জাম কিনব, বাকি টাকা তুলে দেব মায়ের হাতে।’
তিরন্দাজ হীরা মণির কাছে এই পুরস্কারটা মহার্ঘ, ‘জীবনে প্রথম এমন আর্থিক পুরস্কার পেলাম। তা-ও প্রধানমন্ত্রীর হাত থেকে। খুব খুশি লাগছে।’
ফেব্রুয়ারিতে ঢাকায় সমাপ্ত রোলবল বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ পুরুষ দল। ওই দলের অধিনায়ক নওসিফ হোসেন দীপ্রর কাছে এই পুরস্কার সামনে এগোনোর প্রেরণা, ‘আমাদের জন্য এটা বড় অনুপ্রেরণা। আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল।’ বাদাম বিক্রি করতে করতে আসিফ হোসেন হৃদয়ের বাংলাদেশ রোলবল দলের খেলোয়াড় হয়ে ওঠা। মোহাম্মদপুরের বস্তিবাসী এই তরুণের কাছে টাকাটা খুব মূল্যবান, ‘আমি নতুন ভাড়া বাড়িতে উঠতে পারব। মায়ের হাতে টাকাটা তুলে দিয়েছি যাতে তাঁকে আর অন্যের বাড়িতে কাজ করতে না হয়।’
উচ্ছ্বসিত ভলিবল দলের অধিনায়ক সাঈদ আল জাবিরও, ‘ডিসেম্বরে চ্যাম্পিয়ন হওয়ার পর এখনো ফেডারেশন কিছু দেয়নি। এ অবস্থায় পুরস্কারটা আমাদের দিয়েছে এক টুকরো আনন্দের সুবাতাস। আমাদের ক্রীড়া ইতিহাসেই এটা বিশাল ব্যাপার।’
প্রধানমন্ত্রীর স্নেহের ছোঁয়া পেয়ে এমন ‘ইতিহাস’ ভবিষ্যতে আরও গড়তে চান খেলোয়াড়েরা!