মাত্র ৪ রানের জন্য তিন অঙ্ক ছুঁতে পারলেন না নাসির হোসেন। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সেঞ্চুরিয়ান হয়ে থাকলেন শুধু নাঈম ইসলাম। পেতে পেতেও এক ইনিংসে দ্বিতীয়বারের মতো দুটি সেঞ্চুরি পেল না বাংলাদেশ। ২০০৪ সালে সেন্ট লুসিয়া টেস্টে হাবিবুল বাশার ও মোহাম্মদ রফিকের সেঞ্চুরি দুটিই অদ্বিতীয় হয়ে রইল। বাংলাদেশ এক ইনিংসে দুটি সেঞ্চুরি পেতে পারত ২০০৩ সালেই। সেবার হয়নি পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে হাবিবুল ৯৭ রানে আউট হয়ে যাওয়ায়। ওই ইনিংসে ১১৯ করেছিলেন জাভেদ ওমর। এরপর ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে আশরাফুল সেঞ্চুরি (১০১) পেলেও ৯৬ রানে আউট হন সাকিব। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে জুনায়েদের সেঞ্চুরির (১০৬) পাশে ৯৫ রানে আউট হন মুশফিক। গত বছর পাকিস্তানের বিপক্ষে মিরপুরে এই অনুভূতি হয়েছে সাকিব (১৪৪) ও শাহরিয়ারের (৯৭)।