আনন্দ-বিষাদের উপাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তাপটা টের পাওয়া যাচ্ছিল কমলাপুর রেলস্টেশনের পাশের রাস্তা থেকেই। কেউ হেঁটে, কেউ রিকশায় এগিয়ে চলেছে। গন্তব্য—বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম। কারও হাতে ব্যানার আবাহনীর, কারও বা শেখ জামাল ধানমন্ডির।সনাতনপন্থীরা অবশ্য আবাহনী-মোহামেডান ফাইনাল নয় বলে ম্যাচ আকর্ষণীয় হবে না বলেই ভেবে রেখেছিল। কিন্তু গ্রামীণফোন ফেডারেশন কাপে আবাহনী-শেখ জামাল ফাইনালটি পেল তুঙ্গস্পর্শী উত্তেজনা।পরতে পরতে রং ছড়িয়েছে ম্যাচটি। এনামুলের গোলে এগিয়ে যাওয়া শেখ জামালকে সমতলে নামিয়ে আনে আবাহনীর ইব্রাহিমের গোল! গোল পাল্টা-গোলে ৫-৩ গোলে শেষ হওয়া ম্যাচে শেষ হাসি আবাহনী সমর্থকদেরই।ম্যাচ শেষে উচ্ছ্বাসে ভেসে যাওয়ার কথা আবাহনীর কোচ আলী আকবর পোরমুসলিমির। কিন্তু একটু চাপা স্বভাবের কোচ তখন খেলোয়াড়দের সঙ্গে আনন্দের বদলে মাঠের উল্লাসটাকে স্মৃতিবন্দী করার কাজটি করছিলেন নিজের মোবাইল ফোনে। খানিক বাদে সময় দিয়ে বললেন, ‘খুবই ভালো লাগছে। প্রথমবারের মতো দেশের বাইরে কোনো দলের দায়িত্ব নিয়ে চ্যাম্পিয়ন করতে পেরেছি দলকে, এ জন্য খেলোয়াড়দের ধন্যবাদ দিচ্ছি। এই সাফল্যের মূল দাবিদার আসলে এই ছেলেরাই। বিশেষ করে ইব্রাহিমের কথা না বললেই নয়। ও বিশেষত আমার জন্যই খেলেছে আজ।’অধিনায়ক প্রাণতোষের নতুন বউ নন্দিতা কাল খেলা দেখতে এসেছিলেন। খেলা শেষে বিজয়ী জীবনসঙ্গীকে অভিনন্দন জানালেন এসে। হেসে প্রাণতোষ বললেন, ‘আমি খুবই ভাগ্যবান।’ এর আগে দুবার ফেডারেশন কাপের ফাইনালে উঠেও শিরোপা ঘরে নিতে পারেনি আবাহনী। এবার চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে প্রাণতোষই তো বাড়তি গৌরব বোধ করবেন।মাঠের মধ্যে এক দিকে বিয়েবাড়ির আনন্দ, ঠিক উল্টো পাশে শ্মশানের নীরবতা। সার্বিয়ান কোচ জোরান কার্লেভিচ তখন ডাগ-আউটে অধিনায়ক আমিনুলকে উত্তেজিত ভঙ্গিতে কিছু বলছিলেন। এভাবে পাঁচ-পাচটি গোল হজম করা যে দেশসেরা অধিনায়কের একেবারেই মানায় না! ম্যাচ শেষে তাই কোনো কথাই বলতে চাইলেন না আমিনুল। তবে কোচ কার্লেভিচ বললেন, ‘শেষের দিকে আমরা একেবারে মনোযোগ হারিয়ে ফেলেছিলাম। খেলোয়াড়দের বেশ ক্লান্ত মনে হচ্ছিল।’ তাঁর দৃষ্টিতে ম্যাচের টার্নিং পয়েন্ট রেজাউলের লাল কার্ড, ‘১০ জনের দল হয়ে পড়তেই পিছিয়ে গেছি আমরা।’দল হারলেও ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার উঠেছে শেখ জামাল স্ট্রাইকার এনামুলের হাতে। পুরস্কার হাতেও মুখ অন্ধকার করে রেফারিকে দুষেছেন এনামুল, ‘আমরা যতই ভালো খেলি না কেন, রেফারি আমাদের সঙ্গে বৈরী আচরণ করেছেন। প্রতিটি ম্যাচের ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে।’ ম্যাচের সেরা হয়েছেন আশরাফ মাহমুদ (লিঙ্কন)। কালকের ম্যাচের প্রতিটি গোলের জন্য প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার করে টাকা দিয়েছে বসুন্ধরা গ্রুপ।ম্যাচ শেষে পরাজিত শেখ জামাল কোচ কার্লেভিচ অস্থির পায়চারি করছিলেন। খেলা যেমনই হোক দিন শেষে সুফল এত দিন ঘরে তুলে নিয়েছেন। কিন্তু আসল পরীক্ষাতেই যে ব্যর্থ হলো তাঁর সৈনিকেরা!