আনন্দ রূপ নিল লজ্জায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম হয়েও অতি উত্সাহী ক্রীড়া কর্মকর্তার কারণে সোনাবঞ্চিত হলেন চিংবাই মারমা । সেই সঙ্গে বাংলাদেশও পেল না প্রত্যাশিত একটি সোনা। গতকাল সোমবার ১১তম দক্ষিণ এশীয় গেমসের খুলনা ভেন্যুতে অনুষ্ঠিত ৫০ কিলোমিটার রোড রেস ম্যাস স্টার্ট মহিলা সাইক্লিং ইভেন্টে এ ঘটনা ঘটে।খুলনার বটিয়াঘাটা এলাকার ‘জিরো পয়েন্ট’ থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও আফগানিস্তানের মোট ২০ জন মহিলা সাইক্লিস্ট ৫০ কিলোমিটার রোড রেস ম্যাস ইভেন্টে অংশ নেন। সকাল ৯টায় প্রতিযোগীরা একসঙ্গে যাত্রা শুরু করে রূপসা সেতু হয়ে ফকিরহাট ঘুরে জিরো পয়েন্টে ফিরে আসেন। ১ ঘণ্টা ২৪ মিনিট ৪২ সেকেন্ডে বাংলাদেশের চিংবাই মারমা সবার আগে ফিরে আসেন। তার পরেই ছিলেন ভারতের মোহিত মোহন। বাংলাদেশের মেয়ের সোনা জয়ের আনন্দে তখন ঘটনাস্থলে উপস্থিত শত শত মানুষ উল্লাসে ফেটে পড়ে। গণমাধ্যমের কর্মীরা চিংবাইয়ের প্রতিক্রিয়া নিতে ব্যস্ত হয়ে পড়েন তখন। কিন্তু কিছুক্ষণ পরই এ ইভেন্টের প্রধান কমিশিয়ার ইব্রাহিম ওমরের (মালয়েশিয়া) কাছে ভারত, শ্রীলঙ্কা ও নেপাল লিখিতভাবে বাংলাদেশি প্রতিযোগীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন। বিষয়টি নিয়ে জটিলতা দেখা দিলে ফলাফল ঘোষণা বিলম্বিত হয়।অভিযোগটি খতিয়ে দেখতে ইভেন্টের প্রধান কমিশিয়ার ইব্রাহিম ওমর বিভিন্ন স্পটে থাকা কমিশিয়ারদের মতামত নেন। তাঁদের মধ্যে মালয়েশিয়ান কমিশিয়ার পাজেন মারমা ফাতেমার নিয়ম ভাঙার ঘটনাটি খেয়াল করেছেন বলে জানান। এই কমিশিয়ার জানান, চলন্ত অবস্থায় মোটরসাইকেল থেকে বাংলাদেশের জনৈক ক্রীড়া কর্মকর্তা চিংবাইকে ঠেলে এগিয়ে দিয়েছেন। এর পরপরই তাঁকে অযোগ্য ঘোষণা করে ভারতের মোহিত মোহনকে সোনাজয়ী হিসেবে ঘোষণা করা হয়। মোহিত মোহন এ দূরত্ব অতিক্রম করতে সময় নেন ১ ঘণ্টা ২৫ মিনিট ৪২ সেকেন্ড। রুপা পেয়েছেন শ্রীলঙ্কার লাসন্তি কৃষ্ণা, তাঁর সময় লেগেছে ১ ঘণ্টা ২৮ মিনিট ৩৪ সেকেন্ড এবং ব্রোঞ্জ পেয়েছেন ভারতের রামেশ্বরী দেবী (১ ঘণ্টা ২৮ মিনিট ৩৫ সেকেন্ড)। শুধু ফাতেমাই নন, বাংলাদেশের আরেক প্রতিযোগী শীলা ফারহানা সুলতানাকেও নিয়ম ভাঙার অভিযোগে অযোগ্য ঘোষণা করা হয়।এ ব্যাপারে বাংলাদেশ মহিলা সাইক্লিস্ট দলের ম্যানেজার জোবেরা রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রতিযোগীকে ঠেলে দেওয়া হয়েছে কি না জানি না বা দেখিনি। এ অভিযোগ সত্য নয়।’ তবে তিনি স্থানীয় কিছু কর্মকর্তার অতি উত্সাহের ব্যাপারে অভিযোগ করেন। বলেন, তাঁদের কারণে প্রতিযোগিতায় অসুবিধা হচ্ছে।বিষণ্ন চিংবাই জানান, ‘আমাকে কেউ ঠেলে দেয়নি। যে অভিযোগ দেওয়া হচ্ছে তা সত্য নয়।’বিজয়ীদের মধ্যে পদক বিতরণ করেন খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক।