আনন্দ স্বস্তি উচ্ছ্বাস
অনেকেই নিশ্চিত ছিলেন, অনেকেই ছিলেন দোলাচলে। বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পর বাংলাদেশের ১৫ ক্রিকেটারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া...সাকিব আল হাসানবিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা অনেক বড় ব্যাপার। তবে সত্যি বলতে এখন এই অনুভূতিটা ঠিক আসছে না। এরপর আমরা যখন পাঁচ দিনের ছুটি থেকে ফিরে আসব তখন থেকে হয়তো ব্যাপারটা কাজ করতে শুরু করবে। এখন সবাই লিগ নিয়েই আছে। আমার মনে হয়, ক্যাম্প শুরু হলে সবার মধ্যেই এটা কাজ করতে শুরু করবে।তামিম ইকবালবিশ্বকাপ খেলা সব ক্রিকেটারেরই স্বপ্ন। আমিও রোমাঞ্চিত। সবচেয়ে বড় কথা এটা বাংলাদেশে হচ্ছে। জানি না খেলোয়াড়ি জীবনে আর কোনো দিন এই সুযোগ পাব কিনা। বাংলাদেশে আবার কবে বিশ্বকাপ হবে কে জানে! বিশ্বকাপটা স্মরণীয় হোক, তেমন একটা পারফরম্যান্স করতে চাই।মোহাম্মদ আশরাফুলসর্বশেষ সিরিজের ১৫ জনের দলে ছিলাম, তাই আশা ছিল দলে থাকব। তার পরও কাল একটু ঘাবড়ে গিয়েছিলাম। যা হোক, খুব ভালো লাগছে। আমি দারুণ আত্মবিশ্বাসী। এখন পর্যন্ত যতগুলো বড় টুর্নামেন্ট খেলেছি, কোনোটাতেই খারাপ করিনি। নির্বাচকেরা এ জন্যই দলে নিয়েছে। আশা করি, এই বিশ্বকাপেও ভালো করব। আবদুর রাজ্জাকদ্বিতীয় বিশ্বকাপ খেলব, ভালো তো লাগছেই। তবে আমি আসলে পারফরম্যান্স নিয়েই বেশি ভাবছি। শুধু নিজের না, গোটা দলের। গত দুই বছরে বাংলাদেশের ক্রিকেট যে সত্যিই অনেক এগিয়েছে, বিশ্বকে এটা দেখানোর সুযোগ এই বিশ্বকাপ। দেশের মাটিতে খেলা কোনো চাপ নয়, বরং এটাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। শাহরিয়ার নাফীসলিগে ভালো করার পর আশা ছিল, তবে টেনশনও ছিল। দলে আছি শোনার পর তাই স্বস্তি লেগেছে। ভালো ফর্মে থেকে গত বিশ্বকাপে গিয়েও ভালো করতে পারিনি। তবে ওসব মনে রাখতে চাই না। এবার নতুন শুরু, বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চাই।নাজমুল হোসেনখুব টেনশনে ছিলাম। আসলে সাত বছর ধরে বাংলাদেশ দলে খেলছি, সব সময়ই টেনশনে থাকি, কখন বাদ যাই! কাল ঢাকা লিগের খেলার মাঝখানে যখন শুনলাম দলে আছি, কী যে ভালো লাগছিল! জীবনে এমন ভালো আর একবারই লেগেছিল, যখন অভিষেক হয়েছিল বাংলাদেশ দলে।মুশফিকুর রহিমদেশের মাটিতে বিশ্বকাপ খেলতে পারছি, এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে! আশা করি, দেশকে ভালো কিছু উপহার দিয়ে স্মরণীয় করে রাখব এই বিশ্বকাপ। মাহমুদউল্লাহদেশের মাটিতে প্রথমবার এত বড় টুর্নামেন্ট হবে আর আমি সেটাতে খেলব—খুব ভালো লাগছে। জানি দেশের মানুষের প্রত্যাশা অনেক। তবে বাংলাদেশ দল এখন খুব ভালো খেলছে। আশা করি, আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারব।রকিবুল হাসানদলে থাকা নিয়ে কোনো টেনশন ছিল না। আশা ছিল দলে থাকবই। তার পরও আনুষ্ঠানিকভাবে জানার পর খুব ভালো লাগছে। তবে আরও ভালো লাগবে বিশ্বকাপে ভালো খেলতে পারলে। আমরা পুরো দলই কঠোর পরিশ্রম করছি। আশা করি, দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারব।জুনায়েদ সিদ্দিকগত বিশ্বকাপের ২৩ সদস্যের দলে থাকলেও চূড়ান্ত দলে সুযোগ পাইনি। এবার পেলাম, স্বপ্নপূরণের মতো ব্যাপার। বিশেষ করে দেশের মাটিতে বিশ্বকাপ, অনেক রোমাঞ্চিত আমি। বাংলাদেশ দলে আমার অভিষেক টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে, ওই ম্যাচে ভালো খেলেছিলাম। এবারও একাদশে সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেব। ইমরুল কায়েসবিশ্বকাপ খেলব, এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। আমার খেলোয়াড়ি জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি চেষ্টা করব নিজের মতোই খেলতে, গত বছর যেভাবে খেলেছি, সেভাবেই পারফর্ম করতে। নাঈম ইসলামপ্রথম বিশ্বকাপ খেলব, সেটাও আবার দেশের মাটিতে...খুবই রোমাঞ্চিত। তবে দেশের মাটিতে খেলা বলে চাপও থাকবে অনেক। খেলার সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।রুবেল হোসেনছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম একদিন বাংলাদেশ দলে খেলব, বিশ্বকাপ খেলব। একট স্বপ্ন পূরণ হয়েছে, এবার আরেকটাও হতে যাচ্ছে। এ আনন্দ বলে বোঝানোর নয়। খুব ভালো লাগছে। চেষ্টা করব বিশ্বকাপে ভালো কিছু করতে।শফিউল ইসলামযখন ক্রিকেট খেলা শুরু করি, তখন থেকেই স্বপ্ন একদিন বিশ্বকাপ খেলব। স্বপ্নপূরণ হচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। অনুভূতিটা বলে বোঝাতে পারব না। চেষ্টা করব দেশের মাটিকে বিশ্বকাপে ভালো কিছু করতে, তবে বাড়তি কোনো চাপ নিচ্ছি না। গত বছর ভালোই বোলিং করেছি, ধারাবাহিকতা ধরে রাখতে চাই। মোহাম্মদ সোহরাওয়ার্দীআগে টেনশন লাগেনি, কিন্তু কাল সকাল থেকেই ভীষণ টেনশন হচ্ছিল। যদি দলে না থাকি! প্রিমিয়ার লিগের খেলার মাঝখানে রাজ ভাই (আবদুর রাজ্জাক) বললেন আমি আছি। সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানিয়েছি। দেশের মাটিতে বিশ্বকাপ খেলব, আমি সত্যিই উচ্ছ্বসিত।