আনন্দদায়ী আগুন-মানব
ক্রিকেট খেলেন স্রেফ খেলাটাকে ভালোবাসেন বলে। মূল পেশা আগুন নেভানো, মানে ফায়ার সার্ভিসের কর্মী। আট বছর ধরে অ্যান্টিগা দমকল বাহিনীতে কাজ করছেন অ্যান্থনি মার্টিন। কিন্তু কে জানত, আগুন নেভানো যাঁর কাজ, তাঁর ভেতরেই এত আগুন!প্রথমে বুঝেছে ভারতীয়রা। দেবেন্দ্র বিশুর মতো ফ্লাইট আর টার্নের খেলা দেখানো প্রথাগত লেগ স্পিনার নন মার্টিন, লাইন-লেংথকে মূল বিবেচনা বানিয়ে একটু জোরের ওপর বল করেন। তার পরও পরশু চার ভারতীয় ব্যাটসম্যান পুড়লেন তাঁর আগুনে। এ তো গেল বোলিংয়ের আগুন। তাঁর ভেতরের আগুন বেরিয়ে এল সংবাদ সম্মেলনে। ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই ম্যাচ-সেরা হওয়ার পর ২৮ বছর বয়সীর সগৌরব ঘোষণা, ‘এখানে এসে, আমার পিচে কেউ আমাকে ধ্বংস করতে পারবে না। এটা আমার পিচ। ওরা কে, এতে আমি থোড়াই কেয়ার করি। যাদের বিপক্ষেই খেলি না কেন, আমি তাদের ধ্বংস করে দিতে চাই। বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে এটা করতে পেরে আমি কী যে খুশি!’ ওয়েবসাইট।মনে হচ্ছে দাম্ভিক? কিংবা উদ্ধত? সিদ্ধান্তে পৌঁছার আগে এই আগুন-মানবের চরিত্রের আরেকটা দিক দেখুন। ক্যারিয়ারে মায়ের অবদানের প্রসঙ্গ উঠতেই চোখ আবেগে ছলছল, ‘মায়ের কথা বলতে গেলে কখনো কখনো আমার চোখে পানি চলে আসে। মা আমাকে সব সময়ই সমর্থন দিয়ে গেছে। আজ (পরশু) গ্যালারিতে আমার বোন আর গার্লফ্রেন্ডের সঙ্গে মাও ছিল,’...বলতে বলতে হঠাৎই বললেন, ‘এখনো বিয়ে করিনি। হয়তো কখনো করবই না, আবার করতেও পারি!’এই হলেন মার্টিন। ভান-টান নেই; স্বতঃস্ফূর্ত-আমুদে। কথায় কথায় হাসেন, হাসাতে ভালোবাসেন। আবেগ নিয়ন্ত্রণেও যাঁর একটুও বিশ্বাস নেই।পরশুর সংবাদ সম্মেলনেই যেমন হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে বললেন, ‘শেবাগ-শচীনকে পেলাম না বলে একটু হতাশই বলতে পারেন। শেবাগের বিপক্ষে একবার খেলেছি। ওর ক্যাচ নিয়েছিলাম, কিন্তু ও উইকেট ছাড়তে চাইছিল না, ব্যাটে ঠেস দিয়ে দাঁড়িয়ে ছিল। আর আমি তখন আনন্দে উন্মত্ত।’ মার্টিন যে ম্যাচের কথা বলছেন, সেটি ২০০৬ সালে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগাতে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ। দুটি উইকেটও নিয়েছিলেন, যার একটি ছিল দ্রাবিড়ের। মার্টিনই মনে করিয়ে দিলেন সেটি, ‘টিভিতে দ্রাবিড়কে দেখেছি বিশ্বজুড়ে বোলিং আক্রমণ ধ্বংস করতে। আর এখানে আসার পর আমিই ওকে ধ্বংস করলাম! একটা চার মারল, তার পরই আউট! নিজেই নিজেকে বললাম, আমি খেলতে পারি।’সিরিজের প্রথম দুই ম্যাচে ৩ উইকেট নেওয়ার পর তৃতীয় ম্যাচে বাদ পড়েছিলেন। ভালো করার জেদটা নাকি এতে বেড়ে গিয়েছিল। উদ্দীপিত ছিলেন আরেকটি কারণেও, ‘আমি চাইনি হোয়াইটওয়াশ বা ইন্ডিয়ান-ওয়াশ হতে। হারতে আমার ভালো লাগে না। আমার শব্দভান্ডারে ওই ‘‘এল’’ শব্দটাই নেই। ‘‘লাভ’’ ও ‘‘লর্ড’’ অবশ্য আছে, তবে ‘‘লুজিং’’ নয়।’