প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনন্দে আত্মহারা হয়ে লাফাচ্ছেন, খুশিতে নাচই শুরু করে দিয়েছেন, আবার হাউমাউ করে কাঁদছেন—এবারের অলিম্পিক এমন উদ্যাপন অনেক দেখেছে। কিন্তু পদক জয়ের খুশিতে কোচকে ল্যাং মেরে ফেলে দেওয়ার মতো বিপজ্জনক উদ্যাপন কি কেউ করে? জাপানের মহিলা কুস্তিগির রিসাকো কাওয়াই সেই কাণ্ডই করেছেন। মেয়েদের ৬৩ কেজি ফ্রিস্টাইলে সোনা পেয়েছেন কাওয়াই। কোচকে কোথায় জড়িয়ে ধরবেন, তা নয় আবেগে কুস্তির প্যাঁচ কষে প্রায় আছাড়ই দিয়েছেন। তাও একবার নয়, দু-দুবার। কোচ কাজুহিতো সাকাইয়ের হাসিমুখ থেকেই বোঝা যাচ্ছিল, ‘যন্ত্রণাটা’ উপভোগই করেছেন। পরে কাওয়াই নিজেই জানিয়েছেন, সোনা জিতলে কোচকে অমনভাবে জব্দ করার কথা আগেই জানিয়ে রেখেছিলেন! টেলিগ্রাফ।