
হেলমেটে ব্যাট ঠোকা, প্যাভিলিয়নে ফেরার সময় বারবার পেছন ফিরে দেখা। চোখে-মুখে রাজ্যের হতাশা নিয়ে মাঠ ছাড়ার সময় পুরোনো প্রবচনটা নিশ্চয়ই মনে পড়েছে বিরাট কোহলির? এত কাছে, তবু এত দূর!
জোড়া সেঞ্চুরি থেকে মাত্র একটি বাউন্ডারির দূরত্বে দাঁড়িয়ে কাল আউট হলেন ভারতীয় ব্যাটসম্যান। ভাবনার চেয়ে একটু বেশি লাফানো জেপি ডুমিনির বলটা কোহলির ব্যাটে চুমু খেয়ে আশ্রয় নিল উইকেটকিপার এবি ডি ভিলিয়ার্সের হাতে। চার রানের জন্য ভারত পেল না টেস্টে জোড়া সেঞ্চুরি পাওয়া চতুর্থ ব্যাটসম্যানকে।
কাল জোহানেসবার্গে ভারতের এই একটাই দুঃখ। দিনের প্রথম দেড় সেশনে শেষ ৮ উইকেট হারালেও ম্যাচের লাগামটা ভারতের মুঠোতেই রয়ে গেছে। দক্ষিণ আফ্রিকাকে দেওয়া গেছে ৪৫৮ রানের অসম্ভব এক লক্ষ্য। এত রান টপকে টেস্ট ইতিহাসে জেতেনি কোনো দলই। জিততে হলে করতে হবে নতুন রেকর্ড, ম্যাচ বাঁচাতে ব্যাট করতে হবে প্রায় সাড়ে চার সেশন। শুরুটা ভালোই ছিল দক্ষিণ আফ্রিকার। আলভিরো পিটারসেনকে নিয়ে উদ্বোধনী জুটিতে ১০৮ করার পরই রানআউট হয়েছেন অধিনায়ক গ্রায়েম স্মিথ। ১০ রান পরেই নেই হাশিম আমলাও। পরাজয়ই চোখ রাঙাচ্ছে ২ উইকেটে ১৩৮ রান নিয়ে দিন শেষ করা দক্ষিণ আফ্রিকাকে। জিততে হলে শেষ দিনে গ্রায়েম স্মিথের দলকে করতে হবে ৩২০ রান।
কোহলি পেতে পেতেও হারিয়েছেন ম্যাচে তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। চেতেশ্বর পূজারা অবশ্য ফিরেছেন ক্যারিয়ারের চতুর্থ দেড় শ রানের ইনিংস খেলে। তৃতীয় উইকেটে ২২২ রান যোগ করার পর প্রথম আউট হয়েছেন পূজারাই। ১৫৩ রানে জ্যাক ক্যালিসের লাফিয়ে ওঠা বলে উইকেটকিপারকে ক্যাচ দিয়েছেন দেশের বাইরে প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়া এই ব্যাটসম্যান। ৪ ওভার পর রোহিত শর্মাকেও বোল্ড করে তৃতীয় উইকেট পেয়েছেন ক্যালিস। এরপরই কোহলির ওই আউট।
৬ উইকেটে ৩৫৮, লাঞ্চের আগেই ভারত এগিয়ে যায় ৩৯৪ রানে। কখন ইনিংস ঘোষণা করবেন ধোনি, এই প্রশ্নই তখন সবার মনে। ধোনি আর ইনিংস ঘোষণা করেননি। অধিনায়কের সিদ্ধান্তে লাভ হয়েছে জহির খানের। ২৯ রানের ঝোড়ো একটা ইনিংসই খেলেছেন অনেক দিন পর দলে ফেরা এই বোলার।
বিশ্বসেরা বোলার ডেল স্টেইন অবশ্য ভুলে যেতে চাইবেন এই ম্যাচটাকে। দ্বিতীয় ইনিংসে ১০৪ রানে দিয়েও কোনো উইকেট নেই। প্রথম ইনিংসেও পেয়েছেন মাত্র একটি উইকেট। এএফপি, ক্রিকইনফো।