আনন্দেও ক্ষমাপ্রার্থী শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনেমার শেষ দৃশ্যে তাঁর জয় অনিবার্য। পরশু আইপিএলের ফাইনালটিকে মনে হলো এমন এক শেষ দৃশ্য। শাহরুখ খানকে এতটা উচ্ছ্বসিত মনে হলো, বলিউডি কোনো ভিলেনস্য ভিলেনকে কাবু করেও এতটা আনন্দ কিং খান কখনোই পাননি। মাঠে কয়েকবার ডিগবাজিও খেলেন। গ্যালারিতে তাঁর আশপাশে থাকা ছয়-সাতজন বাচ্চাকে নিজের দলে ভিড়িয়ে শাহরুখীয় ভাঁড়ামোও করলেন অনেকক্ষণ। আবারও মুম্বাই-কাণ্ডের মতো বেফাঁস কিছু করেন কি না, সেই ভয়ে শাহরুখের ছায়াসঙ্গিনী হয়ে থাকলেন তাঁর স্ত্রী গৌরী খান। এদিন শাহরুখ একটু বাড়াবাড়ি করলে করতেই পারতেন। এমন আনন্দের দিনে কিছুতেই দোষ হয় না। তবে আনন্দের মধ্যে শাহরুখ উল্টো ক্ষমা চাইলেন, ‘সেদিন আপনারা আমার সেই ছবিটা দেখেছেন, যেটা আসলেই আমি নই। দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন।’ কিসের জন্য ক্ষমা? উল্লেখ করেননি। তবে বুঝতে অসুবিধা হয় না, মুম্বাইয়ের ঘটনার জন্য। আর ও জন্য একটা অপরাধবোধে তিনি ভুগছেন।পরশু যে তাঁর জীবনের অন্যতম একটা দিন, সে কথা মাঠেই বলেছেন। সবচেয়ে কম টাকায় কলকাতার ফ্র্যাঞ্চাইজি কিনেছিলেন। প্রথম আসরে শেষ থেকে তৃতীয় হয়েছিল তাঁর দল। কিন্তু বাকি সাত ফ্র্যাঞ্চাইজির চেয়ে সবচেয়ে বেশি লাভ তুলে নিয়েছিলেন তিনিই। নিন্দুকেরা বলাবলি করছিল, মাঠের খেলায় নয়, শাহরুখ আসলে জিততে চান মাঠের বাইরের খেলায়। নিজের তারকা ইমেজ ব্যবহার করে কেকেআরকে একটা ব্র্যান্ড হিসেবে দ্রুতই প্রতিষ্ঠিত করেছেন। ব্যবসা করা খারাপ নয়, কিন্তু মাঠে কলকাতার দৈন্যদশার বিপরীতে শাহরুখের এই সাফল্যে দুর্মুখের চোখ টাটানোই স্বাভাবিক।আগের চারটি আসরেই ব্যর্থ কলকাতা। ‘করব, লড়ব, জিতবে রে’ স্লোগানের প্যারোডিও তখন সবার মুখে মুখে। এর পাশাপাশি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কথিত বিদ্বেষ মিলিয়ে কলকাতার একটা অংশের কাছে শাহরুখ রীতিমতো ‘পারসোনা নন গ্রাটা’। গতবার থেকে নতুন করে ঢেলে সাজিয়েছেন দল। গৌতম গম্ভীরকে দেওয়া হয়েছে অধিনায়কত্ব। দলে বেশ কিছু তারকা এনেছেন। ফলও মিলল হাতেনাতে। গতবারই প্রথম শেষ চারে উঠে এল কেকেআর। চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও উঁকি দিল। সেই সম্ভাবনার সূর্যটাই পরশু রাতে উদিত হলো চেন্নাইয়ের আকাশে। ওয়েবসাইট।