আনন্দের দিনে মালিঙ্গার কষ্ট
সুদৃশ্য ট্রফি। সেই ট্রফি নিয়ে উল্লাস হলো। মুখে হাসি নিয়ে ছবির জন্য পোজও দিলেন ক্লার্ক-পন্টিং-ওয়াটসনরা। কিন্তু হাসিতে যেন প্রাণ নেই। উচ্ছ্বাসও পুরোপুরি স্বতঃস্ফূর্ত নয়। হবে কীভাবে, সিরিজটা অস্ট্রেলিয়ার হলেও পরশুর রাতটা যে শুধুই লাসিথ মালিঙ্গার! ৪ উইকেটে জিতে আগেই হেরে বসা সিরিজটার ব্যবধান (৩-২) কমিয়েছে শ্রীলঙ্কা। কিন্তু ওই জয়কেও ছাপিয়ে গেছে ওয়ানডেতে প্রথম বোলার হিসেবে মালিঙ্গার হ্যাটট্রিকের হ্যাটট্রিক!২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা চার বলে উইকেট নিয়েছিলেন। গত বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন কানাডার বিপক্ষে। এরপর পরশু। পেছনে ফেলেছেন দুটি হ্যাটট্রিক করা ওয়াসিম আকরাম, চামিন্ডা ভাস ও সাকলায়েন মুশতাককে। আকরাম-ভাসকে পেছনে ফেলাটাই বেশি তৃপ্তি দিয়েছে মালিঙ্গাকে, ‘প্রথমে বুঝতে পারিনি প্রথম বোলার হিসেবে তিনটি হ্যাটট্রিক করেছি। ম্যাচ শেষে জানতে পারলাম। আমি সত্যি খুশি যে ওয়াসিম আকরাম ও চামিন্ডা ভাসের মতো দুজনকে ছাড়িয়ে যেতে পেরেছি, যাঁদের আমি কাছ থেকে দেখেছি এবং প্রচণ্ড শ্রদ্ধা করি। এটা এমন একটা পারফরম্যান্স, যা আমার হূদয়ে গেঁথে থাকবে, অবসরের পর মনে পড়বে।’ইতিহাস গড়ার দিনটিতেও অবশ্য তাঁর কণ্ঠে উঠে এসেছে মনে চেপে রাখা এক কষ্ট। চোটের কাছে হার মেনে টেস্ট থেকে অবসরের পর অনেকে অর্থলোভী বলেছে তাঁকে। দেশপ্রেম নিয়েও প্রশ্ন উঠেছে। বলা হয়েছে, আইপিএলের ক্যারিয়ার দীর্ঘ করতেই নাকি এই সিদ্ধান্ত। সেই ক্ষোভ উগরে দিলেন পরশু, ‘কিছু লোক ভেবেছে আমি টেস্ট ছেড়েছি অর্থের কথা ভেবে। এটা ঠিক নয়। খেলাটাকে আমি এতই ভালোবাসি যে যত বেশি দিন সম্ভব খেলতে চাই। টেস্ট ক্রিকেট খেললে আমার হাঁটু আমাকে বেশি দিন খেলতে দেবে না।’ ওয়েবসাইট।