আনন্দের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন!
ভারতের ইতিহাসে প্রথম দাবায় বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথ আনন্দ। এখন সেই আনন্দের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছে ভারত সরকার! হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিতে চেয়েছিল, কিন্তু আনন্দের নাগরিকত্ব নিয়ে সরকার প্রশ্ন তোলায় ডিগ্রি দেওয়ার অনুমতি পায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।২০০৯ সালে আনন্দকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় ভারতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায় কর্তৃপক্ষ। কিন্তু সে প্রস্তাব অনুমোদন করেনি মন্ত্রণালয়। কারণ তাদের ধারণা, স্পেনের নাগরিকত্ব রয়েছে আনন্দের! ছয় বছরেরও বেশি সময় ধরে স্ত্রীর সঙ্গে স্পেনে বসবাস করেন বিশ্বচ্যাম্পিয়ন এই দাবাড়ু। আর বিদেশি কাউকে এ রকম সম্মানসূচক ডিগ্রি দেওয়া হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আনন্দের নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হতে বলেছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়।তবে ভারত সরকারের এ প্রশ্নে মর্মাহত হয়েছেন আনন্দের স্ত্রী অরুণা আনন্দ। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমরা ভীষণ মর্মাহত। আমরা ভারতীয় কি না, এ নিয়ে আমাদের প্রমাণ করার কিছু নেই।’ হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিয়েও কথা বলেছেন অরুণা, ‘খেলার জন্য সবকিছু বিসর্জন দিয়েছেন আনন্দ। এই পুরস্কার নেওয়ার বা এ ধরনের কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার সময়ও তাঁর নেই।’—টাইমস অব ইন্ডিয়া