আনন্দের পাশে বেদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপ্লবের হাতে শেখ রাসেলের পতাকা। এটা ম্যাচ শেষ হওয়ার পরপরই। এত দিন অন্য বড় দলগুলোর হয়ে শিরোপা জিতেছেন। এবার শেখ রাসেলকে প্রথম শিরোপাটা এনে দিয়ে দলটির অধিনায়কের উচ্ছ্বাসটা কেমন হতে পারে বলাই বাহুল্য। বিপ্লব যখন রাসেলের নীল পতাকাটা দোলাচ্ছেন খোলা আকাশে, ততক্ষণে পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু হয়ে গেছে। পাশেই তখন সাংবাদিকদের সামনে মামুনুল। গত বাংলাদেশ লিগের সেরা খেলোয়াড়, এই ফেডারেশন কাপেরও সেরা খেলোয়াড় হয়েছেন। মামুনুলের প্রতিক্রিয়ায় ধরা পড়ল প্রতিশ্রুতি পূরণ করতে পারার আনন্দ, ‘হারব এই আতঙ্ক আমাদের একবারও পেয়ে বসেনি। শেষ মিনিট পর্যন্ত লড়ব এবং জিতে বের হব—এই প্রতিজ্ঞারই জয় হয়েছে।’একটু দূরেই পাওয়া গেল মারুফুল হককে। শেখ রাসেলের কোচ চলেছেন পুরস্কার মঞ্চের দিকে। চোখেমুখে পরিতৃপ্তি। এই মৌসুমে তাঁকে সামনে রেখে শেখ রাসেল সেরা দল গড়েছে, প্রথম পরীক্ষায় উত্তীর্ণ কোচ তবু আবেগে ভেসে যাচ্ছেন না। ধীরস্থির মারুফুল জানালেন, ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই জয়ের রহস্য, ‘ছেলেদের বলেছিলাম, পুরো সময় সেরাটা দিতে হবে। একটা মিনিটও হাল ছাড়া যাবে না। ম্যানচেস্টার ইউনাইটেউ বেশির ভাগ ম্যাচই জেতে শেষ দিকে গোল করে। তোমাদের সামনেও সুযোগ আছে। কাজেই লড়াই করো।’ বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের নামে ক্লাব, ১৮ অক্টোবর ৪৯তম জন্মদিন ছিল রাসেলের। মারুফ এই জয় প্রয়াত শেখ রাসেলকে উৎসর্গ করলেন। ওদিকে এমিলিকে নিয়ে চলছে আনন্দ। সম্প্রতি বিয়ে করার পর এই তরুণ নিজেকে নতুন করে চেনালেন এই টুর্নামেন্টে। গত দুই মৌসুম নামের প্রতি সুবিচার করতে পারেননি। কিন্তু এই ফেডারেশন কাপে ৭ গোল করে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির দেওয়া সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়ে আপ্লুত এমিলি বললেন, ‘গত দুই বছর আমি ফ্রি হয়ে খেলতে পারিনি। এবার পেরেছি বলে সাফল্য এসেছে।’টানা তৃতীয় ফেড কাপ ফাইনাল খেলল জামাল। তবে এবার এত কাছে এসেও ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখতে পারল না। তাই গোটা দলই ছিল হতাশ, বিষণ্ন। তবে কোচ যোসেফ আপুসি স্বাভাবিকই রাখতে চাইলেন নিজেকে, ‘ওরা শেষ পাঁচ মিনিটে দুই গোল করে জিতে গেল। ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে। আমরা পারিনি এ জন্য দুঃখ আছে, তবে শেখ রাসেলকে অভিনন্দন।’