আনন্দের শহর কুষ্টিয়া
কুষ্টিয়ার আড়ুয়াপাড়ার ছোট্ট গলিটা ভিড়ে ঠাসা। একদল তরুণের হাতে ব্যানার, প্ল্যাকার্ড। তাতে লেখা ‘বিজয়’—জাতীয় ক্রিকেট দলের ওপেনার এনামুল হকের ডাকনাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয় ততক্ষণে নিশ্চিত হয়ে গেছে। খানিক পরই মিছিলটা গলি থেকে নেমে আসে বড় রাস্তায়। কুষ্টিয়া শহরের ছেলে এনামুলের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে যেন আনন্দনগরে পরিণত কুষ্টিয়া।কুষ্টিয়া জিলা স্কুলে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েছেন এনামুল। খেলতেন স্থানীয় গড়াই স্পোর্টিং ক্লাবে। এরপর বিকেএসপিতে ভর্তি হন। বিকেএসপিতে বর্তমানে উচ্চমাধ্যমিকে পড়ছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। এনামুলের খেলা দেখে প্রথম দিনেই মুগ্ধ গড়াই স্পোর্টিং ক্লাবের সভাপতি খালেক মণ্ডল। এনামুল যেন বিকেএসপিতে ভর্তি হতে পারে বাবা জামির মিয়াকে সেই পরামর্শই দিয়েছিলেন তিনি। কাল এনামুলের সেঞ্চুরির পর খালেক মণ্ডল আনন্দে আত্মহারা, ‘বিজয়ের খেলা দেখে গর্বে আমার বুক ভরে গেছে। ও শুধু কুষ্টিয়ার নয়, সারা দেশের গর্ব।’