আনন্দের সঙ্গে বিস্ময়ও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা হাফিজুর রহমান কৃষক। অভাবের সংসারে নুন আনতে পানতা ফুরোয়। নেশা বলতে একটাই—ফুটবল খেলা দেখা। গ্রামের আশপাশে ফুটবল ম্যাচ থাকলেই হলো, দেখা চাই-ই। নেশাটা ভালোই পেয়ে বসে ছেলে জুয়েল রানাকেও। টেলিভিশনে ফুটবল খেলা দেখালেই ছুটে যেত দুই মাইল দূরে অন্যের বাড়িতে। নিজেদের তখনো টেলিভিশন কেনারই সামর্থ্য ছিল না। বাবার কাঁধে চড়ে কখনো অন্যের বাড়িতে, কখনো মাঠে যেতেন খেলা দেখতে।
শুধু দেখতেনই না, স্কুলে ভর্তি হয়েই খেলতে শুরু করেন জুয়েল। স্কুলে খেলতে খেলতেই চারদিকে নাম ছড়িয়ে পড়ে। ‘খ্যাপ’ খেলতে যেতেন আশপাশে। ঝিনাইদহের যুবক স্কুল পেরিয়েছেন ২০০৮-এ। এখন ব্যস্ত ঢাকার ফুটবলে। বিজি প্রেস, মহাখালী একাদশ, ওয়ারী হয়ে ব্রাদার্সে। হয়েছিলেন গত মৌসুমে প্রথম বিভাগের সর্বোচ্চ গোলদাতাও। এসবের পুরস্কার পেলেন—প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়ে। মামুনুল, এমিলিরা এখনো তাঁর কাছে স্বপ্নের ফুটবলার। অথচ ৫ মার্চে ভারতের সঙ্গে ম্যাচে সুযোগ পেতে এদের সঙ্গেই অনুশীলন করবেন। তবে এত তাড়াতাড়ি সুযোগটা পাবেন, তা নিজেই ভাবেননি জুয়েল।
শুধু জুয়েল নন, জাতীয় দলের ক্যাম্পে প্রথমবারের মতো ডাক পেয়ে আনন্দমিশ্রিত বিস্ময় হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, রুবেল মিয়া, টুটুল হোসেন, আমিনুর রহমান ও দিদারুল হকেরও। বয়সভিত্তিক টুর্নামেন্ট ও অনূর্ধ্ব-১৯ দলে খেলেই এরা নজরে পড়েছেন কোচ লোডভিক ডি ক্রুইফের। ইরাকে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে খেলা দেখে পছন্দ করেছিলেন হেমন্ত আর জুয়েলকে। দুজনেরই আত্মবিশ্বাস ছিল, একদিন না একদিন জাতীয় দলের ক্যাম্পে ডাক পাবেন। তবে এত তাড়াতাড়ি, তা মোটেও ভাবেননি বিকেএসপির সাবেক ছাত্র হেমন্ত, ‘আমি ভেবেছিলাম, আরও কিছুদিন পর হয়তো জাতীয় দলে ডাক পাব। আজ সকালে পত্রিকায় নিজের নাম দেখে একটু অবাকই হয়েছি।’
জুয়েলের বাবার মতো হেমন্তের বাবা মাইকেল বিশ্বাসও খেলাপাগল। যেখানেই ছেলের খেলা, সেখানেই হাজির। এসব করে এনজিওর চাকরিটা হারিয়েছেন। নিজে ফুটবল খেলতেন। এখন ফুটবলার বানানোর কারিগর। দিনাজপুর জেলা মহিলা দলের কোচ তিন ছেলেকেই বানিয়েছেন ফুটবলার। হেমন্তের পাশাপাশি শরৎ বিশ্বাস খেলেন প্রথম বিভাগের দল ওয়ান্ডারার্সে, সৌরভ পিটার টিঅ্যান্ডটিতে। আর হেমন্ত লিগে মোহামেডানের ৯ ম্যাচেই খেলেছেন প্রথম একাদশে। ফুটবল পরিবারের সদস্য ভিনসেন্টের একটাই স্বপ্ন, জাতীয় দলের জার্সি গায়ে তোলা। তবে ভালোমতোই জানেন, সেই স্বপ্ন পূরণের পথটা কত বন্ধুর, ‘আমি যে পজিশনে খেলি, সেখানে আছেন মামুনুল ভাইয়ের মতো ফুটবলার। আছেন জামাল ভূঁইয়া। এদের সঙ্গে লড়াই করে দলে টিকতে চাই।’
কোচ লোডভিক ডি ক্রুইফও এই তরুণদের মধ্যে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ দেখছেন, ‘আমি এই সম্ভাবনাময় তরুণদের নিয়ে খুব আশাবাদী। এদের মধ্যে অন্তত দু-তিন জনকে ভারতে নিয়ে যাব।’