আনন্দের সঙ্গে রইল আক্ষেপও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই লম্বা লাইনই বলে দিচ্ছে, ফিফা বিশ্বকাপের আসল ট্রফি দেখার কী আগ্রহ ছিল মানুষের। টিকিট পেয়েও ট্রফি দেখতে না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরে গেছে অনেকে। কাল র্যাডিসন হোটেলে । প্রথম আলো
এই লম্বা লাইনই বলে দিচ্ছে, ফিফা বিশ্বকাপের আসল ট্রফি দেখার কী আগ্রহ ছিল মানুষের। টিকিট পেয়েও ট্রফি দেখতে না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরে গেছে অনেকে। কাল র্যাডিসন হোটেলে । প্রথম আলো

শেষ হলো স্বপ্নের বিশ্বকাপ ট্রফি-দর্শন। তিন দিনের বাংলাদেশ ভ্রমণ শেষে বিশ্বকাপের ট্রফিটি বিশেষ বিমানে করে আজ সকাল নয়টায় উড়ে যাবে ভুটানে। ২১ ডিসেম্বর নেপাল ও পরদিন ভারতে যাবে এই সোনালি ট্রফি।
পরশুর মতো কালও রাজধানীর র‌্যাডিসন হোটেলে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে দর্শক। দুপুরে গুঞ্জন ছড়িয়ে পড়ে—টিকিট ছাড়াই উন্মুক্ত করে দেওয়া হয়েছে ট্রফি-দর্শন। এই সংবাদে আশপাশের এলাকা থেকে দর্শক হুমড়ি খেয়ে পড়ে ট্রফিটা একনজর দেখার জন্য। একপর্যায়ে বাধ্য হয়ে হোটেলে ঢোকার প্রধান ফটক বন্ধ করে দেন নিরাপত্তাকর্মীরা।
বেলা ১২টায় বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা হোটেলে আসেন বিশ্বকাপের ট্রফিটি দেখতে। জাতীয় দলের ফুটবলারদের পাশাপাশি দর্শকদের সামলাতে বেশ পেরেশান ছিলেন নিরাপত্তাকর্মীরা। স্ট্রাইকার তকলিচ আহমেদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন নিরাপত্তাকর্মীদের কয়েকজন। নিজের দুই আত্মীয়কে ঢোকানোর চেষ্টা করলে একপর্যায়ে লাঞ্ছিত হন তকলিচ। পুরো বিষয়টাকে পরে ভুল-বোঝাবুঝি বলে ব্যাখ্যা দিয়েছেন তকলিচ, ‘আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা আসলে ভুল-বোঝাবুঝি। পরে ওই কর্মী আমার কাছে ক্ষমা চেয়েছেন।’ ২০০২ সালে বাংলাদেশে আসা রেপ্লিকা দেখেছিলেন ওয়ালি ফয়সাল। এবার বিশ্বকাপের আসল ট্রফি দেখে দারুণ উচ্ছ্বসিত এই ডিফেন্ডার, ‘বিশ্বকাপের আসল ট্রফিটা সরাসরি দেখলাম, আমাদের আরও ভালো লাগত যদি বাংলাদেশ দল বিশ্বকাপে খেলত। ফুটবলে আমরা অনেক পিছিয়ে, তার পরও আশা করি পরের প্রজন্ম কোনো একদিন বিশ্বকাপে খেলবে। আমরাও সেই অপেক্ষায় থাকব।’
জাতীয় দলের আগে বিশ্বকাপ দেখতে এসেছিলেন স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ দলের প্রতিবন্ধী অ্যাথলেটরা। সাধারণ দর্শকদের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রদূত ও কূটনৈতিক পাড়ার কর্মকর্তারা পরিবারসহ দেখেছেন বিশ্বকাপের ট্রফি। বেলা আড়াইটার সময় ট্রফিটি কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় মার্কিন দূতাবাসে।

বাফুফে কর্মকর্তাদের নিয়ে বিশ্বকাপ ট্রফি দেখে উচ্ছ্বসিত জাতীয় দলের ফুটবলাররা । প্রথম আলো
বাফুফে কর্মকর্তাদের নিয়ে বিশ্বকাপ ট্রফি দেখে উচ্ছ্বসিত জাতীয় দলের ফুটবলাররা । প্রথম আলো

নির্ধারিত সময়ের আধঘণ্টা আগে প্রদর্শনী বন্ধ হওয়ায় খুবই হতাশ সাধারণ দর্শকেরা। হোটেলে ঢুকেও অনেকে ট্রফি দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। একপর্যায়ে পুলিশ দর্শকদের বের করে দিতে গেলে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অবরোধ উপেক্ষা করে গাজীপুর থেকে এসেছিলেন হোসাইন রিফাত। বিশ্বকাপের ট্রফি দেখতে না পেয়ে হতাশ এই যুবক, ‘অনেক কষ্ট করে অবরোধের মধ্যে এখানে এসেছি। কিন্তু শেষ মুহূর্তে আমাকে হোটেলে ঢুকতে দেওয়া হয়নি। এত কাছে এসেও ট্রফি দেখতে না পেরে খুব খারাপ লাগছে।’
প্রথম থেকেই ট্রফির সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলার পর সেটির প্রিন্ট দিয়ে দেওয়া হচ্ছিল দর্শকদের হাতে। কাল একটা সময় এটা বন্ধ করে দেওয়া হয়। পৃষ্ঠপোষক কোকাকোলার পক্ষ থেকে যান্ত্রিক ত্রুটির অজুহাত দেওয়া হয় এ জন্য। কিন্তু ট্রফির সঙ্গে আসা ফিফার এক কর্মী বললেন, ‘এখানে কোথাও কোনো যন্ত্রে সমস্যা ছিল না।’ একজন অবশ্য দাবি করেন যান্ত্রিক ত্রুটি নয়, প্রিন্টের কাগজ ফুরিয়ে যাওয়াতেই এই সমস্যা। কিন্তু পরে নতুন কাগজ আনা হলেও দর্শকদের হাতে আর ছবি তুলে দেওয়া হয়নি। শুধু ব্যক্তিগত ক্যামেরা বা মুঠোফোনে ছবি তুলেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁদের।