আনসার খেলোয়াড়দের সাফল্যের ‘শাস্তি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন হাসান খান (সান) ও হোসেন খান (মুন)। সামনেই শেষ বর্ষের পরীক্ষা এই দুই কারাতে খেলোয়াড়ের। কিন্তু আনসার থেকে একটা চিঠি পেয়ে তাঁদের সঙ্গে সংস্থাটির অন্য কারাতেকারাও ভীষণ মুষড়ে পড়েছেন।আনসার থেকে জানানো হয়েছে, ১ জুলাই তাঁদের নিজ নিজ ইউনিটে যোগ দিতে হবে। সান ও মুনের ইউনিট খুলনায়। এ মুহূর্তে পড়াশোনা ও জাতীয় ক্রীড়া পরিষদে নিয়মিত অনুশীলন রেখে খুলনায় যাওয়া তাঁদের পক্ষে অসম্ভব।শুধু সান-মুনই নন—বাংলাদেশ আনসারের সব খেলোয়াড়, কোচ, সহকারী কোচকেই নিজ নিজ ইউনিটে যেতে হবে। শুধু ভাতা পাওয়া খেলোয়াড়েরা আনসারের সদর দপ্তরে অনুশীলন করতে পারবেন। কিন্তু ভাতা না-পাওয়া খেলোয়াড়দের কেন ইউনিটে যেতে হবে?হঠাৎ করে আনসারের খেলোয়াড়দের ইউনিটে পাঠানোর এই সিদ্ধান্ত ক্রীড়াঙ্গনে ছড়িয়েছে নানা গুঞ্জন। অনেকে আনসার খেলোয়াড়দের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র বলেও মনে করছেন এটিকে।বাংলাদেশ আনসারের সাবেক কর্মকর্তা এস এম আলমের দৃষ্টিতে বিষয়টি নেতিবাচক, ‘ইউনিটে খেলোয়াড়দের অনুশীলনের সুযোগ-সুবিধা নেই। ইউনিট থেকে এসে খেলায় ফিরলে পারফরম্যান্সে এর প্রভাব পড়বে। তা ছাড়া খেলোয়াড়েরা একটু স্বাধীনচেতা হয়। ওরা কি এখন সিপাহির কাজ করবে?’গত বাংলাদেশ গেমস শেষ হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল আনসারের খেলোয়াড়দের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক খেলোয়াড় জানান, ‘আমাদের ডিজি স্যার সংবর্ধনা অনুষ্ঠানের রাতে একবার বলছিলেন, তোমাদের মনে হয় ইউনিটে ফিরে যেতে হবে। আমার ওপর ওপরের প্রেশার আছে।’ বাংলাদেশ গেমসের কাবাডিতে মারামারির ঘটনায় খেলোয়াড়দের ওপর বিরক্ত ছিলেন কর্মকর্তারা। এরপর কাবাডি খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। ২৪ জুন আনসারের পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) গোলাম কিবরিয়া স্বাক্ষরিত আদেশপত্রে জানানো হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত খেলোয়াড়দের ব্যাটালিয়নে থাকতে হবে।এসএ গেমসের সোনাজয়ী কারাতেকা সান কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না। ঢাকা ছেড়ে খুলনায় ইউনিটেই তাহলে যোগ দেবেন? সানের জবাব, ‘আমার কাছে পড়াশোনাটাই আগে। এখন পড়াশোনা ছেড়ে খুলনায় যাওয়া সম্ভব না। এমন হলে কারাতেই ছেড়ে দেব।’ যোগ করলেন, ‘দেখি আমি সদর দপ্তরে গিয়ে স্যারদের সঙ্গে যোগাযোগ করব। চেষ্টা করব যাতে না যেতে হয়।’ সান-মুনদের হয়তো কারাতে না খেললেও চলবে। কিন্তু হ্যান্ডবল, কুস্তি, তায়কোয়ান্দো, কাবাডি, ফুটবল খেলোয়াড়দের অনেকেই পড়েছেন বিপাকে। অনেককে দেখা গেল ফেডারেশন থেকে বাংলাদেশ গেমসের সার্টিফিকেট তুলে নিয়ে যেতে। নাম প্রকাশে অনিচ্ছুক এক খেলোয়াড় বলছিলেন, ‘জানি না আবার কবে ফিরতে পারব। সার্টিফিকেট তুলে নিয়ে যাচ্ছি। মাঠের মানুষ মাঠে থাকতে পারব না ভেবে খুব খারাপ লাগছে।’সর্বশেষ বাংলাদেশ গেমসে ১১১টি সোনা জিতে চ্যাম্পিয়ন হয়েছে আনসার। চ্যাম্পিয়ন তারা টানা তৃতীয়বারের মতো। অথচ কোনো এক অজানা কারণে আনসারের খেলোয়াড়দের খেলা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে!আনসারের জন্য এমন ঘটনা অবশ্য এই প্রথম নয়। ১৯৯৪ সালে আনসারে বিদ্রোহের পর সব খেলোয়াড়কে এভাবে ব্যাটালিয়নে পাঠানো হয়। পরে কিছু ক্রীড়াপ্রেমী কর্মকর্তা তখনকার মহাপরিচালককে বুঝিয়ে দুই-তিন মাসের মধ্যে পর্যায়ক্রমে সবাইকে ফিরিয়ে আনেন।খেলোয়াড়দের ইউনিটে পাঠানো প্রসঙ্গে জানতে চাইলে আনসারের পরিচালক গোলাম কিবরিয়া প্রথমে কথা বলতেই চাননি। পরে অবশ্য বললেন, ‘এখন তো খেলা নেই। খেলা শুরু হলে ওদের ফিরিয়ে আনা হবে। তা ছাড়া ইউনিটে গিয়ে ওরা অন্যদের সঙ্গে পরিচিত হবে। ওরা যে আনসারের সদস্য, সেটাই তো অনেকে জানে না। ওদের ওরিয়েন্টেশনের জন্যই পাঠানো হচ্ছে।’