আনসারকে ছাপিয়ে বিকেএসপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ তিরটা টার্গেটে লাগতেই আনন্দে লাফিয়ে উঠলেন বাংলাদেশ আনসারের খেলোয়াড়েরা। সোনা জিতে গেছে ভেবে স্কোরারদের পয়েন্ট লেখার আগেই বোর্ড থেকে তির তুলে ফেলেন তিরন্দাজ আলমগীর। কিন্তু ততক্ষণে ভুল যা হওয়ার হয়ে গেছে! বিচারকেরা অযোগ্য ঘোষণা করে দিয়েছেন আনসারকে। তিরে এসে তরী ডোবার ঘটনাটি ঘটেছে কাল জাতীয় আর্চারির ব্যাম্বো বোয়ের পুরুষ দলগত ইভেন্টে। শেষ পর্যন্ত ২২০ পয়েন্ট করে সোনা জিতেছে বিকেএসপি। কালকের দিনটাই বাজে গেছে সেরা দল আনসারের। বিকেএসপির কাছে হেরে রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে মেয়েদের দলগত ব্যাম্বো বো ইভেন্টেও। বিকেএসপির কাছে ১৮৪-১৮১ পয়েন্টে হেরেছে আনসার। মিশ্র দ্বৈতেও হেরেছে বিকেএসপির কাছেই, ব্যবধান ৪-২ সেট। আনসারের সেরা তিরন্দাজ ইমদাদুল হকও (মিলন) রিকার্ভ বোয়ে হেরেছেন সেমিফাইনালে। তবে বর্তমান চ্যাম্পিয়ন বিকেএসপির সজীব শেখের সঙ্গে লড়েছেন হাড্ডাহাড্ডি। প্রথম সেটে ২-০-তে এগিয়ে থাকেন ইমদাদুল। দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে ৪-২-এ এগিয়ে যান সজীব। পঞ্চম সেট হয় টাই। ষষ্ঠ সেটে আবারও ইমদাদুল জিতলে শেষ পর্যন্ত শ্যুট-অফে গড়ায় খেলা। শেষ শটে মিলনকে হারিয়ে সোনার লড়াইয়ে ওঠেন সজীব। মিলন পরে ব্রোঞ্জের লড়াইয়েও টাইব্রেকারে হেরেছেন রামকৃষ্ণের কাছে। আজ ফাইনালে সজীব শেখের প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সুজন। ২০০৯ সালের নভেম্বরে ইন্দোনেশিয়ায় এশিয়ান যুব অলিম্পিক কন্টিনেন্টালে সোনা জেতার পর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন ইমদাদুল। গত বছর ঢাকায় হওয়া এশিয়ান গ্রাঁ প্রিঁতে জিতেছিলেন ব্রোঞ্জ। ঘরোয়া টুর্নামেন্টে গতবার এই সজীবের কাছেই হেরেছিলেন ইমদাদুল। এবারও হেরে তাই ভীষণ হতাশ, ‘খুবই খারাপ লাগছে। আমাদের আরও বেশিসংখ্যক আর্চারের সঙ্গে অনুশীলন করা উচিত। বাইরের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করলে টেম্পারামেন্ট বাড়ে।’ ব্যাম্বো বোয়ের পুরুষ ও মহিলা ব্যক্তিগত ইভেন্ট এবং রিকার্ভ ও কম্পাউন্ডের সোনার নিষ্পত্তি হবে আজ শেষ দিনে।