আনসারের হ্যাটট্রিক শিরোপা
পল্টন হ্যান্ডবল স্টেডিয়াম কাল বিকেলে ছিল উৎসবমুখর। এক্সিম ব্যাংক ২১তম জাতীয় মহিলা হ্যান্ডবলে হ্যাটট্রিক শিরোপ জিতে সেই উৎসব করেছে বাংলাদেশ আনসারের মেয়েরা। তিন বছর পর প্রতিযোগিতার মঞ্চে ফিরে আসা বিজেএমসির মহিলা হ্যান্ডবল দল রানার্সআপ হয়ে মোটেও খুশি ছিল না। গোমড়া মুখে মাঠের এক পাশে দাঁড়িয়ে আনসারের আনন্দই দেখল শুধু।ফাইনাল হলো জমজমাট। বিজেএমসির মেয়েরা সাধ্যমতো চেষ্টা করলেও ২২-১৫ পয়েন্টে হার ঠেকাতে পারেনি। ২০০৭ সালের পর জাতীয় মহিলা হ্যান্ডবলের কর্তৃত্ব আবার আনসারের হাত থেকে ছিনিয়ে নেওয়ার আশা অপূর্ণ রইল ২০০২-২০০৭ পর্যন্ত টানা চারবারের চ্যাম্পিয়ন বিজেএমসির। ২১ বারের মধ্যে ২৪ বারই চ্যাম্পিয়ন আনসার।বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তারা ‘সফল’ আয়োজনে খুশি। ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার পুরস্কার তুলে দেওয়ার আগে ফেডারেশন সভাপতি নুরুল ফজল বুলবুলের বক্তৃতাজুড়ে ছিল সেটারই প্রতিফলন। এই প্রথম চ্যাম্পিয়ন-রানার্সআপকে আর্থিক পুরস্কার দিয়েছে হ্যান্ডবল ফেডারেশন, যা প্রশংসনীয়। এ ছাড়া এক্সিম ব্যাংক ২১তম জাতীয় মহিলা হ্যান্ডবলের সেরা খেলোয়াড় আনসারের রওশন আরা আক্তারকে (বুলু) ১০ হাজার টাকা পুরস্কার দিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।পুরস্কারের পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে চান মেয়েরা। চার বছরের শিশুকন্যার জননী রওশন আরার দাবি, ‘আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে আমাদের।’ ২০০৪ সালে এএফসি অনূর্ধ্ব-১৭ দলের হয়ে কোরিয়া সফরে মহিলা ফুটবলে বাংলাদেশের পক্ষে প্রথম আন্তর্জাতিক গোল করেছিলেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার এই মেয়ে। গুয়ামের বিপক্ষে ৩-২ ম্যাচে রেখেছিলেন বড় ভূমিকা। এখন স্বামী (বিডিআরে চাকরি করেন) সংসার নিয়ে ঢাকাতেই বাসা। আনসারের চাকরিতে শুধুই খেলা আর অনুশীলন। আনন্দ-উল্লাসের মধ্যেই ফুটবলে না থাকার কারণটা বললেন, ‘আমি স্ট্রাইকার ছিলাম। বর্তমানে স্টাইকার হিসেবে নতুনরা আরও বেশি ভালো করতে পারবে।’