আনামুল-মিজানুরের সেঞ্চুরি
ফতুল্লায় আনামুল হক, মিরপুরে মিজানুর রহমান। ফতুল্লায় ইমরুল কায়েস, মিরপুরে জহুরুল ইসলাম। সেঞ্চুরির হাতছানি ছিল শেষ দুজনের সামনে। দুজনই আউট হয়েছেন ৮৭ রানে, দুজনই বাঁহাতি স্পিনে। কিন্তু প্রথম দুজন পেয়ে গেছেন কাঙ্ক্ষিত সেঞ্চুরি। মিল শেষ এখানেই। সেঞ্চুরি ছুঁয়েই ফিরে গেছেন মিজানুর, আশা করছেন আজ দলের রানটাকে প্রতিপক্ষের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাবেন সতীর্থরা। দল উঠে যাবে ফাইনালে। ফাইনালে চোখ আনামুলেরও। তবে সতীর্থদের দিকে তাকিয়ে নন, দায়িত্বটা তাঁর কাঁধেই। তিন অঙ্ক ছুঁয়েও এগিয়েছেন অনেক দূর, দিন শেষ করেছেন অপরাজিত থেকে।মাস তিনেকের বিরতির পর জাতীয় লিগের শেষ রাউন্ড শুরু হলো কাল ব্যাটসম্যানদের দাপটে। ফতুল্লায় প্রথম দিনেই ফাইনালে এক পা দিয়ে ফেলেছে খুলনা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি একদিনেই ৩৮৮ রান তুলে নিশ্চিত করেছে ৩টি বোনাস পয়েন্ট (৩০০+)। ক্যারিয়ার-সেরা ১৭৮ রানে দিন শেষ করেছেন আনামুল। মিজানুরের সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে রাজশাহী তুলেছে ২৯১।এবারের লিগে আগেও দুটি সেঞ্চুরি ছিল আনামুলের। তবে কাল ছাড়িয়ে গেছেন সবকিছুকেই। উইকেটে নেমেছিলেন সপ্তম ওভারে, প্রচণ্ড গরমে ব্যাট করেছেন পুরো দিন। স্বীকৃত যেকোনো পর্যায়ের ক্রিকেটেই এটা তাঁর সর্বোচ্চ ইনিংস। দ্বিতীয় উইকেটে ১৫৪ রানের জুটি গড়েছেন ইমরুলের সঙ্গে। আরাফাত সানিকে ডাউন দ্য উইকেটে ছয় মারতে গিয়ে মিড উইকেটে ধরা পড়েছেন ইমরুল। এক প্রান্ত আগলে রাখা আর আক্রমণ দুটিই চালিয়ে গেছেন আনামুল। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে তাপসের সঙ্গে তুলেছেন ১১২। প্রথম শ্রেণীর ক্রিকেটে চতুর্থ সেঞ্চুরি ছুঁয়েছেন ১৮৩ বলে। ২৪টি চারের পাশাপাশি সেঞ্চুরির আগে-পরে দুটি ছয় দুই সানি ইলিয়াস ও আরাফাতকে। এখন তাকিয়ে দ্বিশতকের দিকে, ‘কখনো ডাবল সেঞ্চুরি করিনি, সতীর্থরাও সবাই আশা করছে। আমার চাওয়া কাল (আজ) যতক্ষণ সম্ভব ব্যাটিং করা। জানি না দল কতক্ষণ ব্যাটিং করবে, তবে চাই আরও অনেক দূর যেতে।’ জানালেন, বিপিএল টি-টোয়েন্টি, প্রিমিয়ারে ৫০ ওভারের ক্রিকেট খেলে এসে মানিয়ে নিতে সমস্যা হয়নি, ‘বিভিন্ন ধরনের ক্রিকেটে মানিয়ে নেওয়াটা আমি বরং উপভোগ করি। ক্রিকেটের মজাটাই তো এখানে!’মিরপুরে উদ্বোধনী জুটিতেই ম্যাচের লাগাম নিয়ে নেয় রাজশাহী। জহুরুল-মিজানুরের জুটিতে এসেছে ১৮৬ রান। শট খেলায় প্রতিষ্ঠিত সতীর্থকে ছাড়িয়ে গেছেন মিজানুর। খেলেছেন দেখার মতো কিছু ফ্লিক, অনসাইড পাঞ্চ আর স্কয়ার কাট। প্রথম ফিফটিতে বল লেগেছিল ৮৮, পরের ফিফটিতে মাত্র ৫৩। ইমতিয়াজকে ফ্লিকে সিঙ্গেল নিয়ে ছুঁয়েছেন সেঞ্চুরি। আউট হয়েছেন অদ্ভুতভাবে। এনামুলকে ফ্লিক করেছিলেন যথেষ্ট জোরেই, নিজেকে বাঁচাতে ঘুরে গিয়েছিলেন শর্ট লেগ ফিল্ডার এজাজ। কিন্তু তাঁর শরীরে আটকে যায় বল! ১৪৫ বলের ইনিংসে ১৪ চার, সঙ্গে একটি ছয় এনামুলকে ডাউন দ্য উইকেটে মাথার ওপর দিয়ে।ভারতীয় ব্যাটসম্যান রাহুল দেওয়ানের পার্টটাইম স্পিনে আউট জহুরুল, স্কিড করে যাওয়া সোজা বলে কটবিহাইন্ড। জুনায়েদ-ফরহাদকে দ্রুত তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল সিলেট। তবে দাঁড়িয়ে গেছেন হামিদুল-সাব্বির। দিনের সেরা বোলার এনামুলকে শেষ বিকেলে টানা তিনটি চার মেরেছেন সাব্বির। সিলেটের বোলারদের মধ্যে কিছুটা প্রভাব ছিল একমাত্র এনামুল জুনিয়রেরই, ক্লান্তিহীন বোলিংয়ে কালই করেছেন ৩৩ ওভার।সংক্ষিপ্ত স্কোররাজশাহী-সিলেট রাজশাহী ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯১/৪ (জহুরুল ৮৭, মিজানুর ১০৫, জুনায়েদ ৩৬, ফরহাদ ৪; এনামুল ২/৯৪, রাহুল ১/১৪, আবুল হাসান ১/৪৩)।খুলনা-ঢাকা মহানগর খুলনা ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৮৮/৪ (ইমরুল ৮৭, সৌম্য ২৩, আনামুল ১৭৮*, তুষার ৫, মিঠুন ৫৪, তাপস ৩৫*; আসিফ ১/৪৩, তারেক ১/৭০, আরাফাত সানি ১/৭৯, ইলিয়াস সানি ১/৭৯)।