আনামুলদের অস্ট্রেলিয়া-পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মূল প্রতিযোগিতার শেষ আটে উঠেছে বাংলাদেশ। এবার নতুন উচ্চতায় ওঠার লড়াই। এর আগে দুবার গ্রুপ পর্ব পেরোলেও শেষ আটেই আটকে গেছে বাংলাদেশের যুবাদের অভিযান। এবার আনামুলের দল কি পারবে নতুন ইতিহাস গড়তে? বাস্তবতা বলছে, সম্ভাবনা কম।কোয়ার্টারের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া শুধু স্বাগতিকই নয়, বর্তমান চ্যাম্পিয়ন এবং এবারের ফেবারিটও। তবে নতুন ইতিহাস লিখতে হলে ‘দুর্গম গিরি’ই জয় করতে হবে! তা ছাড়া খেলাটা যখন ক্রিকেট, অসম্ভব বলে নেই কিছু। শেষ চারের স্বপ্ন নিয়েই তাই আগামীকাল টাউন্সভিলের নয়নাভিরাম টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় কাল ভোর সাড়ে ৫টায় ম্যাচ শুরু হওয়ার কথা।আনামুলদের জন্য প্রেরণা হতে পারে পূর্বসূরিদের একটি তিক্ত অভিজ্ঞতা। ২০০৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শেষ আটে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপের কদিন আগে দেশের মাটিতে ইংল্যান্ডকে নাকানিচুবানি খাইয়ে ছেড়েছিলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা। বিশ্বকাপের শেষ আটে সেই মঈন আলীর ইংল্যান্ডের কাছেই হেরে বসেন মুশফিকরা। ২০০৮ অনূর্ধ্ব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল অভিজ্ঞতা তো আরও লজ্জার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪৩ রানের লক্ষ্যে নামা নাসির-মিঠুন-সোহরাওয়ার্দীরা গুটিয়ে গিয়েছিলেন মাত্র ৪১ রানে! ৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন ওয়েইন পারনেল।ওই দুবারের ব্যতিক্রম কিছু করতে হলে প্রয়োজন সামর্থ্যের সর্বোচ্চটা ঢেলে দেওয়া। ব্যাটিংয়ে অনেক প্রত্যাশা ছিল যাঁকে নিয়ে, সেই সৌম্য সরকার এখনো কিছু করতে পারেননি, বরং বল হাতে পেয়েছেন ৪ উইকেট। বল হাতে তাসকিন-নাসুম-নূর হোসেনরা মোটামুটি ধারাবাহিক। তবে ছাড়িয়ে যেতে হবে নিজেদেরও। অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব পেরিয়েছে তিন প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নেপাল ও ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে। প্রথম শ্রেণীর অভিষেকেই ১৫৭ করা কার্টিস প্যাটারসন, ক্যামেরন ব্যাকমরফট, মেরি বুকাননদের নিয়ে দারুণ শক্তিশালী অস্ট্রেলিয়ার ব্যাটিং। পেসার গুরন্দর সান্ধু, লেগ স্পিনার শেন ক্যাসল, অফ স্পিনার অ্যাশটন টার্নারদের নিয়ে বোলিং আক্রমণও বৈচিত্র্যময়। সব মিলিয়ে যুবাদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। পরীক্ষায় উতরাতে না পারলে থাকবে প্রাথমিক লক্ষ্য পেরোনোর তৃপ্তি। উতরাতে পারলে সঙ্গী হবে ইতিহাস!যেভাবে শেষ আটে বাংলাদেশগ্রুপ পর্ব বাংলাদেশ: ৫০ ওভারে ২৪৯/৭শ্রীলঙ্কা: ৪৮.৪ ওভারে ২২৪ফল: বাংলাদেশ ২৫ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৯৪/৮বাংলাদেশ: ৩৪.৩ ওভারে ১৬১ফল: দক্ষিণ আফ্রিকা ১৩৩ রানে জয়ী নামিবিয়া: ৪৯.৪ ওভারে ১৫১বাংলাদেশ: ৩৭ ওভারে ১৫৫/৩ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী