আনামুলের ঝোড়ো সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের রান ৯ উইকেট হারিয়ে মাত্র ১১৮। এ অবস্থায় ইনিংস ঘোষণা করলেন ঢাকা মেট্রোর অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। উদ্দেশ্য, প্রতিপক্ষ সিলেটকে পুরো বোলিং বোনাস পয়েন্ট (৪) থেকে বঞ্চিত করা। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার এই উদাহরণ কাল দেখেছে খুলনা-রাজশাহীর ম্যাচও। অবশ্য খুলনা ইনিংস ঘোষণা করেছে ২৭৮ রানে। এবারের জাতীয় লিগে অবশ্য এটা রীতিই দাঁড়িয়ে গেছে। আগের তিন রাউন্ড প্রথম ইনিংসে ৯ উইকেট পড়ার পর সাতবার ইনিংস ঘোষণা করতে দেখে ফেলেছে।যশোরে এবারের জাতীয় লিগে প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় সেঞ্চুরি করেছেন খুলনার আনামুল হক। ১১৩ বলে ১০৮ রান করে আউট হয়েছেন, সেঞ্চুরি এসেছে মাত্র ৯৩ বলে। আনামুলের ইনিংসে ছিল ১৮টি চার ও ১টি ছয়। চার মেরেছেন বাঁহাতি স্পিনার সাকলাইন সজীবের টানা চার বলে। রাজশাহী দিন শেষে ২১ রান তুলতেই হারিয়ে ফেলেছে ২ উইকেট।সিলেটে স্বাগতিকেরা ৩ উইকেটে ১৪৪ রান তুলে প্রথম দিন শেষে এগিয়ে আছে ২৬ রানে। এর আগে ৫ উইকেট নিয়ে ঢাকা মেট্রোকে ধসিয়ে দিয়েছেন সম্প্রতি নির্বাচকদের আনুকূল্যবঞ্চিত বাঁহাতি স্পিনার এনামুল জুনিয়র। এনামুলের পাঁচ শিকারের মধ্যে ছিলেন আশরাফুলও (৬)।চট্টগ্রামে স্বাগতিকদের মাত্র ১৭৬ রানেই গুটিয়ে দিয়েছে ঢাকা বিভাগ। বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন নিয়েছেন ৪ উইকেট। ৩ উইকেট হারিয়ে ঢাকা করেছে ১১০ রান। বগুড়ায় অন্য ম্যাচটিতে ধীর ব্যাটিংয়ের একটা প্রদর্শনীই হয়েছে। ৮৬ ওভার ব্যাটিং করে রংপুর তুলেছে ৪ উইকেটে ১৬৬ রান। ১৯৯ বল খেলে ৬০ রানে ব্যাটিং করছেন নাঈম ইসলাম।