আনামুলের সেঞ্চুরিতে জয়ে শুরু
শুরুটা হয়েছিল খুবই বাজে। কিন্তু সেই শুরুতেই শেষ হয়ে যায়নি সব। বরং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের তরুণদের আসল শুরু কাল দুর্দান্তই হলো। অধিনায়ক আনামুল হকের সেঞ্চুরিতে ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৫ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।টসে হেরে ব্যাটিং, ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার সৌম্য সরকারের ফিরে যাওয়া, দলের ৪২ রানে আরেক ওপেনার লিটন দাসের আউট—সব মিলিয়ে বিশ্বকাপের শুরুতে কেঁপেই উঠেছিল বাংলাদেশের ড্রেসিংরুম। কিন্তু বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে সকালের ভেজা উইকেট কাজে লাগানোর পরিকল্পনায় প্রাথমিক সাফল্য পাওয়া শ্রীলঙ্কান বোলাররা শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেননি।তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক আনামুল আর আসিফ আহমেদই ঘুরিয়ে দিয়েছেন ম্যাচ। ইনিংসের দশম ওভারের শুরু থেকে ৪১তম ওভারের প্রথম বল পর্যন্ত উইকেটে ছিল এই জুটি, রান করেছে ১৪১।মাত্র ৬৬ রানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯-এর শেষ ৫ উইকেট পড়লেও আনামুল-আসিফের ওই জুটিই বেঁধে দিয়েছে ম্যাচের গতি। ১২৭ বলে ৯ বাউন্ডারি আর এক ছক্কায় ১০১ রান করে কৌশলের বলে এলবিডব্লু হয়েছেন আনামুল। আসিফের ৮৪ রানে বাউন্ডারি ৬টা। দলের ১৮৩ রানে আনামুলের বিদায়ের পর ওই বিপর্যয়টা না হলে শ্রীলঙ্কার সামনে আরও বড়ও লক্ষ্যও দেওয়া যেত হয়তো।অবশ্য শ্রীলঙ্কার যুবাদের আটকাতে বাংলাদেশের জন্য ২৪৯ রানই যথেষ্ট হলো। তাসকিন-নাসুমদের সামনে ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯-এর চেয়েও বাজে শুরু করল তারা। পঞ্চম উইকেটে অ্যাঞ্জেলো জয়াসিংহে (৮৩) ও লাহিরু মাদুশঙ্কা (৪৮) ৮৫ রানের জুটি গড়লেও হার এড়াতে পারেনি শ্রীলঙ্কা যুব দল। ২৮ রানে পড়েছে তাদের শেষ ৫ উইকেট। এক ওভার ৪ বল করে ১০ রান দিয়ে সৌম্য সরকার একাই নিয়েছেন যার তিনটা।অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ বাংলাদেশ একই মাঠে তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে।কাল দিনের অন্য ম্যাচগুলোতে স্বাগতিক অস্ট্রেলিয়া ৬ উইকেটে ইংল্যান্ডকে, পাকিস্তান ১০৯ রানে আফগানিস্তানকে ও জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল ১০৪ রানে পাপুয়া নিউগিনিকে হারিয়েছে।