প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলিংয়ের টিপস চান? রিভার্স সুইংয়ের জাদুমন্ত্রও শিখিয়ে দেবেন। ব্যাটিং? শিখিয়ে দেবেন, কী করে দুর্দান্ত ব্যাটিং করতে হয় লোয়ার-মিডল অর্ডারে। নেতৃত্বটাও শেখাতে পারবেন বেশ—ক্রিকেট মাঠেই হোক কিংবা রাজনীতির ময়দানে। তবে বিয়ে? এ ব্যাপারে ইমরান খানের পরামর্শ না চাওয়াই ভালো। খোদ পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়কই যে বলছেন এ কথা। লন্ডনে বন্ধুর মেয়ের বিয়েতে নতুন জীবনের শুভকামনা জানানোর সময় কৌতুক করে বলেছেন, ‘বিয়ে নিয়ে তোমাদের ভালো পরামর্শ দিতে পারব না। এ ব্যাপারে আমার অতীত রেকর্ড খুব একটা সুবিধার নয়। হয়তো দানে দানে তিন দানে ভাগ্য ফিরবে আমার!’ ইমরানের আগের দুটি বিয়ের কোনোটারই সমাপ্তি সুখের হয়নি। সংসারের রসায়নটা যেন বুঝতেই পারেন না তিনি! শোনা যাচ্ছে খান সাহেব নাকি আরও একবার শেরওয়ানি পরার প্রস্তুতি নিচ্ছেন—যদি ভাগ্য ফেরে এবার! পিটিআই।