আনুশকা+কোহলি, শ্রুতি+রায়না...

ক্রিকেট তারকা+বলিউড নন্দিনী=জমজমাট প্রেম উপাখ্যান—এ সূত্র মেনে সেই ষাটের দশকে শর্মিলা ঠাকুর-মনসুর আলী খান পতৌদি শুরু করেছিলেন ভালোবাসার অনবদ্য ইনিংস। যুগ যুগ ধরে ভালোবাসার ব্যাটন নিয়ে ছুটেছেন আরও অনেকে। প্রিয় পাঠক, কথা না বাড়িয়ে একবার চোখ বুলিয়ে নিন ২২ গজের তারকাদের সঙ্গে বলিউড অভিনেত্রীদের জমাটি সব প্রেমকাহিনিতে...
শর্মিলা ঠাকুর-মনসুর আলী খান পতৌদি
৪৫ বছর আগে, সে সময়ের তারকা অভিনেত্রী শর্মিলা ঠাকুর যখন মনসুর আলী খান পতৌদির সঙ্গে গাঁটছড়া বাঁধেন, চারদিকে তখন হইহই রব। মুসলিম পরিবারের নবাব এবং হিন্দু পরিবারের বাঙালি কন্যার বিয়েটা কি সমাজ অত সহজে মেনে নিতে পারে? অবশ্য প্রথম দর্শনে প্রণয়, অতঃপর পরিণয়—শর্মিলা-মনসুর প্রেম উপাখ্যান এ ধরাবাঁধা সূত্র মেনে চলেনি। টানা চার বছর শর্মিলাকে নিয়ে ভেবেছেন নবাব সাহেব। অতঃপর প্রস্তাব। তাও রেফ্রিজারেটর পাঠিয়ে। ক্রিকেট সুপারস্টারের এই অভিনব প্রেম প্রস্তাবেও নায়িকার মন গলাতে পারেনি। উপায় না দেখে সনাতনী পথেই যাওয়ার সিদ্ধান্ত নেন প্রেমিকপ্রবর। প্রতিদিন গোলাপ পাঠাতে থাকেন প্রেমিকার বাড়িতে। ব্যস, কাজ হয়েছিল তাতেই।
অনেকেই ধারণা করেছিলেন, বিয়েটা বুঝি খুব বেশি দিন টিকবে না। কোথায় কী! বিয়ের আগে ‘ইভিনিং ইন প্যারিস’ ছবিতে ভারতীয় নায়িকাদের মধ্যে প্রথম বিকিনি পরে পর্দায় হাজির হন। শর্মিলার সব কাজেই ছিল স্বামী মনসুরের ছিল অকুণ্ঠ সমর্থন। বিকিনি পরার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘দর্শকদের মন জয় করার জন্যই আমি নিজেকে কিছুটা পরিবর্তন করেছিলাম। এখানে বলতেই হবে, তীব্র সমালোচনা আমাকে বিপর্যস্ত করে তুলেছিল। কঠিন সেই দিনগুলোতে টাইগার (মনসুর আলী খান পতৌদির ডাক নাম) আমাকে সাহস জুগিয়েছিলেন।’ ৪২ বছরের সফল সংসারে এক ছেলে সাইফ আলী খান, দুই মেয়ে সাবা আলী খান ও সোহা আলী খানের গর্বিত মা-বাবা তাঁরা। এই তো কিছুদিন আগেই ভালোবাসার বন্ধন ছিন্ন করে অন্যলোকে পাড়ি জমিয়েছেন মনসুর আলী খান পতৌদি।
রিনা রয়-মহসিন খান

এই প্রেম সীমান্তের কাঁটাতার মানেনি। আশির দশকের বিখ্যাত ও সুদর্শন পাকিস্তানি ক্রিকেটার মহসিন খানের প্রেম-হাতছানি ফিরিয়ে দিতে পারেননি বলিউড অভিনেত্রী রিনা রয়। সম্পর্কটা চির বৈরী দেশের দুই সেলিব্রেটির মধ্যে হওয়ায় চাঞ্চল্য যেন আকাশ ছুঁয়েছিল। রিনার প্রেমে মহসিন খান এতটাই মশগুল ছিলেন যে ক্রিকেট কেন যেকোনো কিছুর মায়া ত্যাগ করতেই তিনি তখন প্রস্তুত। মহসিন ক্রিকেটই ছেড়েছিলেন। হতে চেয়েছিলেন অভিনেতা। এমন সময় তিনি খেলা ছেড়েছিলেন যখন তিনি তাঁর ক্যারিয়ারের তুঙ্গে। মহসিন খান কোন মাপের ক্রিকেটার ছিলেন, সেটা এই প্রজন্মের পাঠকদের বোঝাতে তুলনার আশ্রয়ই নিতে হবে। অনেকেই বলেন, কেতাবি ক্রিকেটার হয়েও যে শহীদ আফ্রিদির মতো আগ্রাসী হওয়া যায় মহসিন খান সত্তর ও আশির দশকে সেটাই প্রমাণ করেছিলেন। প্রায় ছয় বছর প্রেম করে তাঁরা বিয়ের পিঁড়িতে বসেছিলেন ১৯৮৩ সালে। বিয়ের পর রিনা রয় অভিনয় ছেড়ে বনে যান পুরোদস্তুর গৃহিণী। তাঁদের ঘর আলো করে আসে জান্নাত রিনা রয়—এই দম্পতির একমাত্র কন্যা। তবে দুঃখের বিষয়, উপমহাদেশের ঝড় তোলা এই বিয়ে শেষ পর্যন্ত টেকেনি।

নিনা গুপ্তা-ভিভিয়ান রিচার্ডস
আশির দশকে অভিনেত্রী নিনা গুপ্তা ও ওয়েস্ট ইন্ডিজ গ্রেট স্যার ভিভিয়ান রিচার্ডসের জমজমাট প্রেমকাহিনি ছিল সে সময়ের অন্যতম আলোচিত খবর। তবে সম্পর্কটা খুব বেশি দিন স্থায়ী হয়নি। নিনা-ভিভের ভালোবাসার দিনগুলোয় ঘর আলো করে আসে কন্যাসন্তান মাসাবা। মাসাবা বর্তমান সময়ের ভারতের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার। বাবা প্রসঙ্গে মাসাবা এক সাক্ষাত্কারে বলেছিলেন, ‘সবাই তো আর স্যার ভিভের কন্যা হতে পারবে না!’ ভিভের সঙ্গে সম্পর্ক চুকেবুকে যাওয়ার পর নিনা সম্পর্ক জড়িয়েছেন অভিনেতা অলক নাথের সঙ্গে। অতঃপর ২০০৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন ব্যবসায়ী বিবেক মেহরার সঙ্গে।
সংগীতা বিজলানি-আজহারউদ্দিন

সংগীতা বিজলানি-আজহার উদ্দিনের প্রেমের সূর্যটা উদিত হয় মূলত নব্বই দশকের মাঝামাঝি সময়ে। আজহার এক সাক্ষাত্কারে বলেছিলেন, ‘প্রথম দেখায় সংগীতার প্রেমে পড়ে গিয়েছিলাম এবং ওই মুহূর্তেই সিদ্ধান্ত নিয়েছিলাম ওকে বিয়ে করব।’ কিন্তু গোল বাধল অন্য জায়গায়। আজহারের বলেছিলেন, ‘সংগীতা দ্বিতীয় স্ত্রীর মর্যাদা নিতে কিছুতেই রাজি ছিল না।’
হায়দরাবাদের লাজুক, স্বল্পভাষী ছেলে আজহারের বেশ বেগই পেতে হয়েছিল মডেল-অভিনেত্রী সংগীতার মন পেতে। নব্বইয়ের শুরুর দিকে দুজনের পরিচয় হয়েছিল বিজ্ঞাপনচিত্রে শ্যুটিং করতে গিয়ে। পরে এক সাক্ষাত্কারে সংগীতা বলেছিলেন, ‘আসলে ও আমাকে চমকেই দিয়েছিল। জানতাম সে কম কথা বলে। কিন্তু আমার ক্ষেত্রে ওর অভিব্যক্তি ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রথম দেখায় আমার সঙ্গে অনেক কথা বলেছিল।’ ভয়ংকর বোলারদের সামলাতে কষ্ট না পেলেও সংগীতাকে পেতে অনেক কাঠখড়ই পোড়াতে হয়েছিল ভারতের এ সাবেক ক্রিকেট অধিনায়ককে। সংগীতাকে পেতে আজহার প্রথম স্ত্রী নওরীনের সঙ্গে নয় বছরের দাম্পত্যজীবনের ইতি টানেন। এরপর ১৯৯৬ সালে গাঁটছড়া বাঁধেন সংগীতার সঙ্গে। দুজনের সম্পর্কটা অবশ্য চুকে-বুকে যায় ১৪ বছর পর, ২০১১ সালে।

কিম শর্মা-যুবরাজ সিং
২২ গজে অসাধারণ স্ট্রোকের পসরা সাজাতে সিদ্ধহস্ত যুবরাজ। প্রেমের ময়দানেও কোনো অংশে কম যান না যুবি। যুবরাজের হূদয়ের উঠানে প্রথমে এসেছিলেন অভিনেত্রী কিম শর্মা। বলিউড অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর সম্পর্কটাও অবশ্য চুকেবুকেও গিয়েছে। শোনা যায়, কিমের সঙ্গে ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি যুবরাজের মা। মূলত মায়ের অমতের কারণেই কিমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন যুবরাজ। এরপর কিছুদিন দীপিকা পাড়ুকানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে যুবির—এমন গুঞ্জন শোনা গিয়েছিল। এখন শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরে যুবরাজের সঙ্গে দারুণ সখ্য গড়ে উঠেছে অভিনেত্রী নেহা ধুপিয়ার।
আনুশকা শর্মা ও বিরাট কোহলি
বলিউড-ক্রিকেট প্রেম উপাখ্যানের হালের আরেক জুটি—অভিনেত্রী আনুশকা শর্মা ও বিরাট কোহলি। প্রেম নিয়ে লুকোচুরি খেলায় ভীষণ পারঙ্গম দুই তারকা। সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যমে এসেছে দুজনের অভিসার-সংক্রান্ত খবর। কিছুদিন আগে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে কাজ করেন আনুশকা ও বিরাট। রণবীর সিংয়ের সঙ্গে ছাড়াছাড়ির পর এই বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েই আনুশকা-বিরাটের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্ব থেকেই ঘনিষ্ঠতা। লুকোচুরি করে বেশ কয়েকবার তাঁদের ডেটিং করতে দেখা গেছে মুম্বাইয়ের বিভিন্ন জায়গায়।
শ্রুতি হাসান-সুরেশ রায়না
অতিসম্প্রতি চাউর হয়েছে, ডুবে ডুবে জল খাচ্ছেন ক্রিকেটার সুরেশ রায়না ও শ্রুতি হাসান!
দুজনের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রায়না নাকি প্রখ্যাত অভিনেতা কমল হাসানের মেয়ে শ্রুতিকে সৌভাগ্যের প্রতীক হিসেবেই মানছেন। লাবণ্যময়ী শ্রুতির সঙ্গে হূদয়ের সম্পর্কটা জোরালো হওয়ার পরই রায়নার কপালটা নাকি খুলে গেছে! কারণ, বাজে ফর্মের কারণে বেশ কিছুদিন দলের বাইরে ছিলেন এ বাঁ হাতি। সাম্প্রতিক সময়ে ব্যাটে ফিরেছে আগের ধার। আর সেটি শ্রুতির সঙ্গে সম্পর্কে জড়ানোর পরই! ঘনিষ্ঠ ওই সূত্রটি আরও জানিয়েছে, দুজনের সম্পর্ক গড়িয়েছে অনেক দূর। শত ব্যস্ততার মধ্যেও দুজনে চুপিসারে দেখা করছেন নিয়মিতই। এ ছাড়া আইপিএলে চেন্নাই সুপার কিংসের ম্যাচে শ্রুতির হাজির হওয়ার বিষয়টি নতুন মাত্রা দিয়েছে।