আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা স্টুয়ার্ট ল’র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণাটা দিয়েই দিলেন জাতীয় ক্রিকেট দলের অস্ট্রেলীয় কোচ স্টুয়ার্ট ল। আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ব্যক্তিগত ও পারিবারিক কারণেই স্টুয়ার্ট ল বাংলাদেশ দলের কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। আগামী ৩০ জুন ল’র পদত্যাগপত্র কার্যকর হবে বলে জানা গেছে।জালাল ইউনুস জানিয়েছেন, এশিয়া কাপে বাংলাদেশ দলের দারুণ নৈপুণ্যের পর স্টুয়ার্ট লকে তাঁর সিদ্ধান্ত বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু তিনি এই মুহূর্তে পরিবারকে বেশি সময় দিতে চান বলে জানিয়েছেন। গত ৩০ মার্চই স্টুয়ার্ট ল বিসিবি বরাবর পদত্যাগপত্র পেশ করেছেন বলে জানিয়েছেন জালাল ইউনুস। জেমি সিডন্সের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অষ্টম বিদেশি কোচ হিসেবে গত জুলাইয়ে দায়িত্ব গ্রহণ করেন স্টুয়ার্ট ল। প্রথম অ্যাসাইনমেন্টে অবশ্য তিনি ব্যর্থ হন। আগস্টে জিম্বাবুয়েতে একমাত্র টেস্টে হেরে যায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজেও ৩-২ ব্যবধানে পরাজিত হয়। তবে সদ্য সমাপ্ত এশিয়া কাপে তাঁর প্রশিক্ষণেই ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠে যায় বাংলাদেশ। ফাইনালে পাকিস্তানের কাছে ২ রানের ব্যবধানে হেরে অল্পের জন্য এশিয়া কাপের শিরোপা হাতছাড়া হয় সাকিব-মুশফিকুর-তামিমদের।