আনেলকা-ডমেনেখ বচসা!
কোচ রেমন্ড ডমেনেখের সঙ্গে খেলোয়াড়দের সম্পর্ক ভালো নয়—এমন গুঞ্জন অনেক আগে থেকেই। বিশ্বকাপে মাঠে ফ্রান্সের বাজে পারফরম্যান্স এবং খেলোয়াড়দের সমন্বয়হীনতাও সেদিকেই ইঙ্গিত করে। তবে এসবই অনুমান। এত দিনে জানা গেল অন্দরের খবরটিও। আসলেই সুখের নয় গুরু ডমেনেখ আর তাঁর শিষ্যদের সংসার।মেক্সিকোর কাছে হারের পর থেকেই ডমেনেখের দল নিয়ে চলছে ফরাসি মিডিয়ার ময়নাতদন্ত। এই করতে গিয়েই ডমেনেখের দলের একেবারের অন্দরের এক খবর সেচে এনেছে ফ্রান্সের জনপ্রিয় ক্রীড়া দৈনিক লেকিপ। মেক্সিকোর বিপক্ষে ম্যাচের বিরতির সময় ফ্রান্সের ড্রেসিংরুমে নাকি ভালোই কথাকাটাকাটি হয়েছে ডমেনেখ-আনেলকায়! এমনও খবর আছে, দুজনের ওই পর্বটা ছিল অশ্লীলতাচর্চার জ্বলন্ত উদাহরণ। মেক্সিকোর বিপক্ষে ম্যাচের বিরতির সময় ড্রেসিংরুমে ঢুকতেই চেলসি স্ট্রাইকার আনেলকাকে পজিশন ছেড়ে ওল্টাপাল্টা দৌড়ানো এবং নিষ্প্রভ পারফরম্যান্সের জন্য কথা শোনান কোচ, তাঁকে উঠিয়ে আনারও হুমকি দেন। তাতেই খেপে উঠে আনেলকা ছাপার অযোগ্য কিছু কথা বলেছেন কোচকে। জবাবে কোচের পাল্টা হুমকি, ‘মাঠ থেকে খুব তাড়াতাড়িই বেরিয়ে আসতে হবে তোমাকে।’ কোচ যে কথা রেখেছেন, তার প্রমাণ পাওয়া গেছে আনেলকার পরিবর্তে আন্দ্রে পিয়েরে গিগনাককে দেখেই। এএফপি।