আনেলকাকে বহিষ্কার নিয়ে ফ্রান্স দলে বিদ্রোহ
বিশ্বকাপের ফ্রান্স বোধ হয় এমনই। কখনো বাছাইপর্ব পার হতে পারবে না, কখনো হঠাৎ চ্যাম্পিয়ন, কখনো প্রথম পর্ব থেকেই বিদায়, আবার কখনো একজন মহানায়ক জিনেদিন জিদানের মাথায় পড়বে কলঙ্কের টিকা।চমকের ধারাটা ধরেই রাখল ফ্রান্স। বাছাইপর্বে খোঁড়াতে খোঁড়াতে বিশ্বকাপে এসে প্রথম পর্ব থেকেই ছিটকে পড়তে যাচ্ছে তারা। এটা বড় কোনো চমক নয়। চমকটা দিলেন নিকোলাস আনেলকা। থিয়েরি অঁরিকে টপকে দলের এক নম্বর স্ট্রাইকার হয়ে উঠেছিলেন কোচের পছন্দের কারণে। সেই কোচ রেমন্ড ডমেনেখকেই অশ্লীল গালিগালাজ করে এবার বহিষ্কৃত হলেন বিশ্বকাপের দল থেকে।ঘটনা এখানেই শেষ হয়ে গেলেও হয়তো বিতর্ক বেশি দূর গড়াত না। এরই মধ্যে ফ্রান্সের ফুটবলাররা আনেলকাকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে অনুশীলন বয়কট করে আরও ‘তাজা খবরে’র জন্ম দিয়েছেন। আর সব মিলে জটিল আকার ধারণ করা পরিস্থিতির পার্শ্বপ্রতিক্রিয়ায় পদত্যাগ করে বসেছেন দলের পরিচালক জাঁ-লুই ভ্যালেন্টাইন।কাল নির্ধারিত সময়েই অনুশীলন মাঠে পৌঁছান ফ্রান্সের খেলোয়াড়েরা। তাঁদের বয়ে আনা বাস থেকে একে একে সবাই নেমে গেলেও কোচ-অধিনায়ক বাসেই থেকে যান। ডমেনেখ-এভরা বৈঠক চলে সেখানে। এরপর তাঁরা যখন বাস থেকে বেরিয়ে আসেন, ততক্ষণে ফিটনেস কোচ রবার্ট ডুভার্নে গুটিয়ে ফেলতে শুরু করেছিলেন অনুশীলনের সরঞ্জাম। এই দেখে ক্ষিপ্ত এভরা তাঁর দিকে তেড়ে যান। পরিস্থিতি সামাল দিতে ডমেনেখকে হস্তক্ষেপও করতে হয়।এরপর এভরা দলের প্রেস কর্মকর্তার হাতে একটা লিখিত বিবৃতি ধরিয়ে দিয়ে মাঠ ছেড়ে চলে যান। তাঁকে অনুসরণ করে খেলোয়াড়েরাও উঠে পড়েন বাসে। ফিরে চলে যান হোটেলে। সাংবাদিকদের কৌতূহল মেটাতে খেলোয়াড়দের বিবৃতিটাই পড়ে শুনিয়েছেন ডমেনেখ। যেখানে লেখা ছিল, ‘ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন এই দলটাকে রক্ষার জন্য কোনো চেষ্টাই করেনি। উল্টো পত্রপত্রিকায় ছাপা হওয়া খবরের ওপর ভিত্তি করেই তাঁরা একটা সিদ্ধান্ত নিয়েছেন। ফেডারেশন কর্মকর্তাদের এই সিদ্ধান্তের প্রতিবাদে আমরা খেলোয়াড়েরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি আজকের (রোববার) অনুশীলন বয়কট করার।’এই বয়কটে অবশ্য ফ্রান্সের ক্ষতি বৃদ্ধি হয়নি। টুর্নামেন্ট থেকে তাদের বিদায় একরকম নিশ্চিতই। অলৌকিক কিছু না ঘটলে প্রথম পর্ব শেষেই দেশে ফিরে যাবে তারা। তার আগেই, গত শনিবার ফিরতি বিমান ধরতে হলো আনেলকাকে। এখন এই বয়কট কদিন চলে, কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয় সেটাই দেখার।একসময় অসামান্য প্রতিভাধর স্ট্রাইকার বলে বিবেচিত আনেলকা কোচের বিরুদ্ধে ফেটে পড়েছিলেন ড্রেসিংরুমে। বৃহস্পতিবার মেক্সিকোর বিপক্ষে হারা ম্যাচে কোচ যে পজিশনে বলছিলেন, সেখানে নাকি খেলছিলেন না আনেলকা। ম্যাচের বিরতিতে কোচ ডমেনেখ তাঁর কাছে এই আচরণের ব্যাখ্যা চেয়েছিলেন। আনেলকা জবাবে আরও ব্যাখ্যাতীত কাণ্ড করলেন—কুৎসিত ভাষায় দিলেন গালিগালাজ!ঘটনাটা ওখানেই শেষ হয়ে যেত। কিন্তু গোলমাল লেগে গেল পরদিন ফরাসি পত্রিকা লেকিপ এই ঘটনা বিস্তারিত ছেপে দেওয়ায়। ফরাসি খেলোয়াড়, কোচ—সবাই বিস্মিত হয়ে গেছেন পত্রিকায় হুবহু আনেলকার কথা ছাপা হওয়ায়। কে ফাঁস করল এসব কথা? যে-ই ফাঁস করুক, তাকেই মূল প্রতারক বলছেন অধিনায়ক প্যাট্রিস এভরা পর্যন্ত।সেই প্রতারক যে-ই হোক, কুৎসিত কথা বলার সাজা পেয়েছেন আনেলকা। তাঁকে একটা সুযোগ দিয়েছিল ফ্রান্স ফুটবল ফেডারেশন। বলা হয়েছিল, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কিন্তু চিরকাল উগ্র, বদমেজাজী বলে পরিচিত আনেলকা আবার ক্ষমা চাইতে রাজি নন। শেষ পর্যন্ত অনেকটা নিরুপায় হয়ে আনেলকাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।জিদান যখন মাতেরাজ্জিকে ঢুস মারলেন, তখনো লজ্জায় অবনত হয়ে গিয়েছিল ফরাসিরা। কিন্তু ফরাসিদের লজ্জিত করার আগে দেশটিকে তাদের এখন পর্যন্ত একমাত্র বিশ্বকাপটি এনে দিয়ে গিয়েছিলেন জিদান। আনেলকা কী দিয়ে গেলেন?