আন্ডারডগ হওয়ায় খুশি আর্জেন্টাইনরা!
দুই দল যেভাবে ফাইনালে উঠেছে, তাতে আগামীকালের ফাইনালে জার্মানিই ফেবারিট। আর্জেন্টিনাকে বলা হচ্ছে আন্ডারডগ। তাতে অবশ্য আর্জেন্টাইনরা খুশিই। ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো যেমন বলছেন, আন্ডারডগ হওয়াটা ফাইনালে আর্জেন্টিনাকে সাহায্য করবে। ফেবারিট হিসেবে সব চাপ থাকবে জার্মানির ওপর। সুযোগটা কাজে লাগিয়ে ট্রফিটা নিয়ে ঘরে ফিরবেন তাঁরা!
জার্মানির বিশ্বকাপ শুরুটা পর্তুগালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে।মাঝে কয়েকটি কঠিন ম্যাচ গেছে বটে, তবে সেমিফাইনালে শিরোপার অন্যতম দাবিদার স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করে জোয়াকিম লোর দল আত্মবিশ্বাসে উড়ছে। অন্যদিকে বসনিয়া, ইরান, নাইজেরিয়া, সুইজারল্যান্ড, বেলজিয়াম—প্রতিটা দলের বিপক্ষেই আর্জেন্টিনাকে জিততে ঘাম ঝরাতে হয়েছে। প্রতিটা ম্যাচেই জিততে হয়েছে ন্যূনতম ব্যবধানে। আর সেমিফাইনালে হল্যান্ডের সঙ্গে জয়টা তো টাইব্রেকার নামের ভাগ্যের খেলায়।
পেছন ফিরে তাকিয়ে আগুয়েরোও জার্মানিকেই ফেবারিট মানছেন, ‘বিশ্বকাপে ব্রাজিলের সঙ্গে জার্মানি বরাবরের ফেবারিট। ধারাটা ধরে রেখে এখনো তারা ফেবারিট। আমাদের জন্য সুবিধার যে চাপটা তাদের ওপরই থাকবে। আমাদের কাজ শুধু নিজেদের খেলাটা খেলা।’ যেকোনো মূল্যে মারাকানায় জিততে মরিয়া ম্যারাডোনার সাবেক জামাতা, ‘আমরা ফাইনালে। আমাদের ম্যাচটা খেলতে হবে এবং যেভাবেই হোক জিততে হবে।’ সে জন্য কী করতে হবে সেটাও জানেন সিটির ফরোয়ার্ড, ‘আমরা চাইব যত বেশি সম্ভব বল নিজেদের কাছে রাখতে। তবে আমরা জানি জার্মানি অসাধারণ দল। অনেক দিন ধরে একসঙ্গে খেলছে বলে খেলোয়াড়দের মধ্যে একে অন্যের সঙ্গে বোঝাপড়াটাও দারুণ।’
হল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে রক্ষণাত্মক কৌশলই বেছে নিয়েছিলেন কোচ আলেসান্দ্রো সাবেলা। পরিকল্পনাটা যথার্থই ছিল বলছেন আগুয়েরো, ‘এটা সত্যি যে আর্জেন্টিনা জয়ের জন্যই মাঠে নামে। কিন্তু মাঝেমধ্যে আপনাকে সতর্কও থাকতে হবে। আমরা সবাই আমাদের লক্ষ্য সম্পর্কে সতেচন। লক্ষ্য অর্জনে আমরা মাঠে সবকিছুই করব।’
মিডফিল্ডার ম্যাক্সি রদ্রিগেজও সুর মিলিয়েছেন আগুয়েরোর সঙ্গে, ‘জার্মানি খুবই শক্তিশালী, আগ্রাসী প্রতিপক্ষ। তবে আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি যেকোনো দলকেই হারাতে পারি। এটাই সব আর্জেন্টাইনের স্বপ্ন।’
অনেকের মতেই হল্যান্ডের সঙ্গে ক্যারিয়ারের সেরা খেলাটা খেলেছেন হাভিয়ের মাচেরানো। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে আরিয়েন রোবেনের সেই শটটি রুখে দেওয়া ছাড়াও পুরো ম্যাচেই ছিলেন দুর্দান্ত। আক্রমণে যেমন সহায়তা করেছেন, প্রতিপক্ষের আক্রমণ রুখতে রক্ষণও নেমে এসেছেন। জার্মানির বিপক্ষেও সেই পারফরম্যান্সটাই ধরে রাখতে চান বার্সেলোনা মিডফিল্ডার, ‘বেলজিয়ামের সঙ্গে আমরা যেভাবে খেলেছিলাম, বুধবারও সেভাবেই খেলেছি—আমরা তাদের কোনো সুযোগ দিইনি। এখন আমরা জার্মানিকে নিয়ে গবেষণা করব। স্পষ্টতই আমরা তাদের জায়গা দিতে রাজি নই, যেমনটা ব্রাজিল দিয়েছিল। ফাইনালে অবশ্যই আমরা ধৈর্য এবং শান্ত থাকব। একই সঙ্গে জয়ের জন্য ক্ষুধার্ত এবং হৃদয় দিয়ে খেলব।’ এএফপি।