আন্তজেলা ভলিবলে সেরা সাতক্ষীরা-রাজশাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটার হিসেবেই পরিচিত পান্না ঘোষ। কিন্তু ভলিবলের পান্না? জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার আন্তজেলা ভলিবলে খেললেন রাজশাহীর হয়ে। প্রথমবারের মতো দলকে চ্যাম্পিয়ন করেছেন। সেরা অ্যাটাকারের পুরস্কারও জিতেছেন রাজশাহীর কুমারপাড়ার মেয়ে। পল্টন ভলিবল স্টেডিয়ামে কাল মেয়েদের ফাইনালে রাজবাড়ীকে ৩-১ সেটে হারিয়েছে রাজশাহী। নড়াইলকে ৩-১ সেটে হারিয়ে পুরুষদের বিভাগে চ্যাম্পিয়ন সাতক্ষীরা। শুধু পান্না ঘোষই নন, সাঁতারু ডলি আক্তার খেললেন রাজবাড়ীর হয়ে। ব্যাডমিন্টনের নিগার সুলতানা ছিলেন চট্টগ্রামের খেলোয়াড়। অ্যাথলেটিকসের আখিরুননেসা রাজশাহী দলে, ফুটবলার সাবিনা, মিরোনারা সাতক্ষীরার হয়ে খেললেন। পান্না ঘোষ অবশ্য ভলিবলের চেয়ে ক্রিকেটকেই বেশি প্রাধান্য দিচ্ছেন, ‘আমি আগে ক্রিকেটার, পরে ভলিবল খেলোয়াড়। ফিটনেস ধরে রাখার জন্যই মূলত ভলিবল খেলছি। তা ছাড়া রাজশাহীর কোচ আমাকে অনুরোধও করেছিলেন খেলতে।’ ম্যাচ শেষে আখিরুন, লাকি, পান্নারা আনন্দে কোচ খোন্দকার মমিনুর রশিদকে কাঁধে তুলে নাচতে শুরু করলেন। প্রতিযোগিতায় পুরুষ বিভাগের সেরা অ্যাটাকারের পুরস্কার পেয়েছেন নড়াইলের হরষিদ। একই দলের সোহেল শ্রেষ্ঠ ব্লকার এবং সাতক্ষীরার মনির জিতেছেন মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার। মেয়েদের সেরা ব্লকার পাবনার সীমা। চট্টগ্রামের তৃষ্ণা হয়েছেন মূল্যবান খেলোয়াড়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পেপসি ফুড প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার প্রতীক সাভারওয়াল।