বিসিবি আকসুকে তলব করেছিল মূলত বিপিএলের ফিক্সিং তদন্তের জন্য। কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসা সেই সাপ এতই বিষাক্ত যে, তা নিয়ে নাড়াচাড়া করার আগে আটঘাট বেঁধেই নামতে চান আকসুর কর্মকর্তারা। আপাতত তাঁদের ব্যস্ততা বিপিএল নিয়ে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করার কাজে। তবে ঢাকা ছাড়ার আগে বিসিবির সভাপতি নাজমুল হাসানকে তাঁরা জানিয়ে গেছেন, আন্তর্জাতিক অঙ্গনেও ম্যাচ ফিক্সিংয়ের বিষে বিষাক্ত বাংলাদেশের ক্রিকেট এবং সেটা অনেক আগে থেকেই।
কাল ফিক্সিং নিয়ে বিসিবির সভাপতির সংবাদ সম্মেলনের আগে হওয়া বোর্ডসভায়ও বিষয়টা নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানা গেছে। সভাপতি উপস্থিত বোর্ডের আট সদস্যকে জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অনেক পুরোনো ম্যাচও চলে আসতে পারে আইসিসির তদন্তের আওতায়। পরে সংবাদ সম্মেলনেও তিনি বলেছেন, ‘এখন এই তদন্ত শুধু বিপিএলে সীমাবদ্ধ নেই। বিপিএলটা আমাদের ঘরোয়া খেলা। এখানে এখন আন্তর্জাতিক ম্যাচ বা আইসিসি ম্যাচও জড়িয়ে গেছে।’ বিপিএলের তদন্ত করতে গিয়েই আকসু আন্তর্জাতিক ম্যাচে ফিক্সিংয়ের তথ্য পেয়েছে বলে জানিয়েছেন নাজমুল হাসান। সঙ্গে জানিয়েছেন, এসব ম্যাচ নিয়ে বিশদ তদন্ত করবে আইসিসি, ‘আপাতত তারা মনোযোগ দেবে শুধুই বিপিএলে। আর যেহেতু আইসিসি ম্যাচও জড়িয়ে গেছে, সেখানে ওরা নিজেরাই তদন্ত করবে। ওখানে বিসিবির সম্পৃক্ততা নেই। যেসব ক্লু ওরা পেয়েছে, সেগুলো দেখার জন্য নিজেরাই পুরোপুরি তদন্তে নেমে যাবে।’ নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের এক সদস্যের দেওয়া তথ্য, আন্তর্জাতিক ম্যাচগুলোর তদন্তে বিসিবির সম্পৃক্ততা না থাকলেও আকসু চাইলে তাদের সব রকম সাহায্য করবে বোর্ড।
জানা গেছে, রোববার রাতে গুলশানের একটি হোটেলে আকসুর দুই কর্মকর্তার মুখোমুখি হয়েছিলেন বিসিবির সভাপতি। চাইলে আলোচনায় যোগ দিতে পারতেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীও। কিন্তু তিনি বোর্ড সদস্য ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব ইসমাইল হায়দার মল্লিক ও র্যাবের এক কর্মকর্তার সঙ্গে বাইরে অবস্থান করেন। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে বিসিবির সভাপতিকে আকসুর কর্মকর্তারা কী বলেছেন, সেটা তাই জানেন শুধু সভাপতিই। তবে সভাপতির দাবি, তিনি নিজেও এ ব্যাপারে বিস্তারিত জানেন না, ‘ওনারা আমাকে বলেছিলেন, আমরা কিছু তথ্য দিতে পারি, এখন পর্যন্ত যা পেয়েছি। কিন্তু পুরোটা দিতে পারব না। আমি বলেছি, আমি টুকরা টুকরা খবর চাই না। পুরোটা চাই। প্রমাণসহ চাই।’
আন্তর্জাতিক ক্রিকেট প্রসঙ্গে মোহাম্মদ আশরাফুল আকসুর কাছে সাবেক তিন তারকা ক্রিকেটারের জড়িত থাকার কথা বললেও বোর্ডসভায় এবং পরে সংবাদ সম্মেলনে সভাপতি কারও নাম উল্লেখ করেননি। বিপিএলের তদন্ত রিপোর্টে সেই নামগুলো থাকার ব্যাপারেও নিশ্চিত নন তিনি। একটি সূত্র জানিয়েছে, সভায় তিনি বলেছেন, ‘কারও নাম বলা যাবে না। আপনারা করণীয় নিয়ে আলাপ করেন।’ সভাপতির মুখে আন্তর্জাতিক ক্রিকেটেও বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার কথা শুনে বিস্মিত হয়েছেন বোর্ডের অনেক সদস্যই। যদিও বিষয়টা এখন আইসিসির সভাপতিও জানেন বলে সংবাদ সম্মেলনে বলেছেন নাজমুল হাসান, ‘ওরা আমাকে বলেছে, ইতিমধ্যে আইসিসির প্রেসিডেন্ট থেকে শুরু করে সবার সঙ্গে এটা নিয়ে কথা হয়ে গেছে। আন্তর্জাতিক ম্যাচ নিয়ে ওরা আলাদা এবং বিশদ তদন্ত শুরু করতে যাচ্ছে।’ বিসিবির আরেকটি সূত্র অবশ্য জানিয়েছে, সেই তদন্ত এরই মধ্যে শুরুও হয়ে গেছে।
নির্দিষ্ট কোনো ম্যাচ বা সময়ের উল্লেখ না করলেও সভাপতির কথায় এটা পরিষ্কার, আশরাফুলের স্বীকারোক্তি থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে আকসুর তদন্ত বাংলাদেশের ক্রিকেটের অনেক পুরোনো ইতিহাস নিয়েই টান দিতে পারে, ‘বিপিএলের চেয়ে একটু সময় বেশি লাগবে এই তদন্তে। এটা যেহেতু অনেক পুরোনো ব্যাপার, এর জিজ্ঞাসাবাদ এবং তথ্যপ্রমাণ সংগ্রহ করতে হয়তো একটু বেশি সময় লাগবে।’ সময় লাগলেও এই তদন্ত যে আইসিসি করবেই, আইসিসির নির্বাহী কমিটির একজন সদস্য হিসেবে সেই নিশ্চয়তা দিয়েছেন নাজমুল হাসান, ‘ওরা আমাকে নিশ্চিত করেছে, তদন্ত করবে। আর এটা করতেই হবে, যেহেতু আইসিসির ম্যাচ। এসব ব্যাপারে আইসিসি এখন “জিরো টলারেন্স”-এ বিশ্বাস করে।’